বগুড়া সদর উপজেলার আওতায় রবি/২০২৫–২৬ মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অনুমোদনে আয়োজিত এ কর্মসূচি কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) উপজেলার পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল ওয়াজেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান। এ সময় উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারসহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও কৃষক/কৃষাণীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের সার্বিক সহায়তায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির জন্য বিতরণ করা এসব বীজ ও সার কৃষকদের সঠিক সময়ে মাঠে কাজে লাগাতে হবে। কৃষি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও আরও এগিয়ে যাবে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান বলেন, এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বাস্তব উপকার নিয়ে আসছে। উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ায় উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে জনপ্রতি হাইব্রিড ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। কৃষক-কৃষাণীদের হাতে বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ। সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের আরও সহায়তা ও প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া সদর, বগুড়া।