শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সিয়ামের ‘রাক্ষস’ টিম যাচ্ছে শ্রীলংকা

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে জোরেশোরেই এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গেল মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।
এরই মধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকার শিডিউলে টানা চার দিন শুটিং করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে গেছেন।
এবার জানা গেছে, আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে।
ঘনিষ্ঠ সূত্রে আরও জানা যায়, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। শ্রীলংকার শুটিং ইউনিটে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি চমক হিসেবে রাখতে চান নির্মাতারা, তাই আপাতত এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ।
শুধু শ্রীলংকাই নয়, ‘রাক্ষস’-এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন করার পর সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা টিমের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com