শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ঈদে বড়পর্দায় ফিরছেন শাকিব-অপু

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটির নাম বললেই প্রথমে আসে শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছে এই তারকা জুটি। ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে তাদের সিনেমা।
চলতি বছরের ঈদ-উল-ফিতরে প্রেক্ষাগৃহে তাদের নতুন সিনেমা মুক্তির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে তাদের দুজনকে এক সিনেমায় নয়, দেখা যাবে আলাদা আলাদা সিনেমায়। শাকিব রোজা ঈদে দর্শকের সামনে আসবেন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে। আর অপুকে দেখা যাবে ‘দুর্বার’ নামের সিনেমায়।
শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, সিনেমাটি ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, যার নাম গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবিতে আরও রয়েছেন অভিনেতা এজাজুল ইসলাম।
সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ভারতের ভিসা জটিলতার কারণে আপাতত দেশের মধ্যেই শুটিং শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘কাজ থামিয়ে না রাখতে দেশেই শুটিং শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই ভিসা সমস্যার সমাধান হবে। অনুমতি পেলেই নির্ধারিত লোকেশনে দুই দেশের শিল্পীদের নিয়ে শুটিং করা হবে। শিগগিরই প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক।’
প্রযোজনা সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘প্রিন্স’-এর শুটিং চলছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান। বাংলাদেশের অংশ শেষ হলে পুরো টিম পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। সেখানে ছবির বড় একটি অংশের শুটিং হবে।
অন্যদিকে শাকিব খানের সাবেক সহশিল্পী ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও ফিরছেন বড় পর্দায় নতুন রূপে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ নির্মাণ করছেন থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’। নতুন বছর উপলক্ষে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার। সেখানে রক্তমাখা মুখ ও রহস্যময় লুকে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। এটি তার দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা।
এই সিনেমায় প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘দর্শকরা ‘দুর্বার’ ছবিতে অপু বিশ্বাসকে একেবারেই ভিন্ন রূপে দেখতে পাবেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।’
জানা গেছে, ইতোমধ্যে সিনেমাটির প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। ২০২৩ সালের পর বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও ২০২৬ সালে ‘দুর্বার’ দিয়ে অপু বিশ্বাসের জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন সহশিল্পী সজলকে নিয়ে সন্তুষ্ট অপু বিশ্বাসও। তিনি সজলের অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com