দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের কৌরাইশমুন্সী বাজার সংলগ্ন আমাজন কাবাব অ্যান্ড পার্টি হাউজের আয়োজনে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মোতালেব, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম কমল, ২নং রাজাপুর ইউনিয়ন যুবদল নেতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাহাদাত হোসেন, দাগনভূঞা উপজেলা শ্রমিক দল নেতা মিয়াদন। এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ফখরুল ইসলাম, শাখাওয়াত হোসেন টিপু, সুমন পাটোয়ারী, জিয়া উদ্দিন, রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় গজারিয়া সেভেন স্টার ও পশ্চিম রামচন্দ্রপুর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে পশ্চিম রামচন্দ্রপুর স্পোর্টিং ক্লাব জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় স্থান অর্জন করে ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পশ্চিম রামচন্দ্রপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় অনিক। পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাবের মারুফ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।