মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আগামী নির্বাচনে গণভোটের গুরুত্ব তুলে ধরে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, বাংলাদেশের আগামী শত বছরের দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় জনগণকে ‘গণভোটে’ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। দেশের গণতান্ত্রিক রূপান্তর, মানুষের সামাজিক মর্যাদা সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণভোটের কোনো বিকল্প নেই। একই সঙ্গে জেলা প্রশাসক উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। গতকাল দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে চা-শ্রমিক জনগোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকন, উপজেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম, ফিনলে বালিশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, ফুলছড়া বাগানের ম্যানেজার শফিকুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে লিফলেট-পোস্টার বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে মাঠপর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতিসহ প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটার উদ্বুদ্ধকরণ সভায় বিভিন্ন চা-বাগানের বিপুল সংখ্যক চা-শ্রমিক নারী-পুরুষের সরব অংশগ্রহণের পাশাপাশি উপস্থিত ছিলেন চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com