মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ধানের শীষ প্রতীক পে‌লেন তারেক রহমান

সাইফুর রহমান:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়ে চিঠি দেওয়া হয়। তার পক্ষে চিঠিটি গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক মো. ম‌নিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, ‘আজকে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর জনগণের কাছে ভোটের সুযোগ এসেছে। তরুণ সমাজ তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।’
রিকশা পেলেন মামুনুল হক
ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক পেয়েছেন বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী মামুনুল হক। একই আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
আগারগাঁওয় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ ও ১৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা-১৩ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে ৮ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন।
ধানের শীষ-দাঁড়িপাল্লা প্রতীক পেয়ে পাল্টাপাল্টি অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আগারগাঁওয় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ ও ১৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পরে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আচরণবিধি মেনেই এখানে এসেছি। দুঃখজনক হলো একটি বিশেষ দল আচরণবিধি মানেনি। আমরা পাঁচজন এসেছি, তারা (জামায়াতের প্রতিনিধি) ১০ জনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।
ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ রয়েছে।
এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে নারী কর্মীরা এনআইডি আর বিকাশ নাম্বার চাইছিল। এগুলো ব্যক্তিগত তথ্য। বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়। নারী কর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন। পরে তাদের নেতারা ২০-২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।’
তিনি দাবি করেন, পীরেরবাগ, শেওড়াপাড়ায় একই ঘটনা ঘটে। স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুইজন কর্মীকে মারধর করে। সেখানে পরে হট্টগোল সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ সবাই যেন নির্ভয়ে নির্বিঘেœ ভোট দিতে পারে।’
জামায়াতের আমিরের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ একটি প্রতিনিধি দল।
পরে তিনি বলেন, ‘আশা করছি আগামী নির্বাচনে প্রার্থীরা সবাই অংশ নেবেন, গণভোট ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয়ী হবে। সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাবো। যদিও আমাদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। গতকালও করেছে। আশা করব এমন ঘটনা যেন আর না ঘটে। সন্ত্রাসমুক্ত নির্বাচন আশা করি। যেহেতু গত তিনটি নির্বাচন হয়নি তাই ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ অস্বীকার করেন তিনি। বিএনপির অভিযোগের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘পুরোপুরি অসত্য তথ্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com