সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে: নজরুল ইসলাম

শাহজাহান সাজু:
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের কিছু এলাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, গত প্রায় দেড় বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ভোটার মাইগ্রেশন হয়েছে। বিশেষ কিছু এলাকায় অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
তিনি জানান, নির্বাচন কমিশন তাদের যে তথ্য দিয়েছে, তাতে কোনো আসনেই দুই থেকে তিন হাজারের বেশি ভোটার মাইগ্রেশন দেখানো হয়নি। তবে বিএনপির ধারণা অনুযায়ী, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
নজরুল ইসলাম খান বলেন, কমিশনকে আসনভিত্তিক ভোটার মাইগ্রেশনের বিস্তারিত তথ্য জানতে অনুরোধ করা হয়েছে এবং কমিশন বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছে। যদি সত্যিই কোনো গরমিল থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু অসাধু চক্র নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভুয়া ভোটার বা অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের সাথে তারাই জড়িত থাকতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা আরও দৃঢ় হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-কে যুক্ত করার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয় বলে জানান নজরুল ইসলাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, অল্প বয়সী শিক্ষার্থীদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা সমীচীন হবে না। এতে তারা এবং তাদের প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এ কাজে বেশি উপযুক্ত বলে বিএনপি মত প্রকাশ করেছে। কমিশন
বিষয়টি বিবেচনায় নেবে বলে জানিয়েছে।
স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কমিশনের ওয়েবসাইটে প্রায় ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষকের অনুমোদনের তথ্য দেখা গেছে। কিছু কম পরিচিত প্রতিষ্ঠানের অধীনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকায় বিষয়টি গভীরভাবে পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়টি পর্যালোচনা করবে বলে আশ্বাস দিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে জীবনদানকারী সহযোদ্ধা ও সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নিতে হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো থাকলেও আরো উন্নতির জন্য কমিশনকে আরো সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ এবং ইসি সচিবালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com