সুন্দরবনের গহীন অরণ্যে যমদূত হয়ে আসা শিকারিদের পেতে রাখা বিষাক্ত প্রাণঘাতী ফাঁদ থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি গর্ভবতী হরিণ। সোমবার (২ মার্চ) সকালে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ি এলাকার কেয়াবুনি খালে অভিযান চালিয়ে হরিণটিকে জীবিত উদ্ধার করে বন কর্মীরা। পরে সেটিকে পুনরায় বনের নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ১০টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির সদস্যরা কেয়াবুনি খাল সংলগ্ন বনে ‘ফুট পেট্রোলিং’ (পায়ে হেঁটে টহল) শুরু করেন। বনের গভীরে প্রবেশের পর তারা দেখতে পান, শিকারিদের পেতে রাখা দড়ির ফাঁদে একটি চিত্রল হরিণ ছটফট করছে। বন রক্ষীরা তাৎক্ষণিক অত্যন্ত সতর্কতার সাথে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ আবেগপ্লুত কণ্ঠে জানান, উদ্ধারকৃত হরিণটি ছিল অন্তঃসত্ত্বা। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো মা ও অনাগত শাবক উভয়কেই আমরা হারাতাম। শিকারিদের থেকে একটি জীবন ছিনিয়ে এনে আবার বনেই ফিরিয়ে দিতে পেরে আমাদের পুরো টিমের ক্লান্তি দূর হয়ে গেছে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা গহীন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শিকারি চক্রের মূল উৎপাটন করতে এই ধরনের ঝটিকা অভিযান ও নিয়মিত টহল আরও জোরদার করা হবে। সবুজ বনানীর এই প্রাণগুলোকে বাঁচাতে বন বিভাগের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা এখন সময়ের দাবি।