রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক

ইলিয়াস হোসেন মোংলা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সুন্দরবনের শেলা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি(৩৮)-কে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার ও জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, আটক ওসমান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ডাকাত দলের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের কাজেও সহযোগিতা করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com