রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই। গতকাল বুধবার (১ এপ্রিল) বেলা ১টার দিকে তার মুত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ডালিয়া নওশীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার খালাতো বোন গুণী সঙ্গীতশিল্পী সাদিয়া আফরীন মল্লিক।
তিনি বলেন, সঙ্গীত অন্তপ্রাণ মানুষ ছিলেন ডালিয়া আপা। ৭০ পার করলেও তিনি সুযোগ পেলেই মঞ্চ ও টেলিভিশনে গাইতেন। নিয়মিত কণ্ঠের চর্চা করতেন। ক্যান্সারজয়ী এই শিল্পী জীবনের শেষ কয়েকটা বছর লিভারের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন ভালো, আবার খারাপ হয়ে পড়ত শরীর। অবশেষে জীবনযুদ্ধে পরাজয় বরণ করে আজ অজস্র ভক্ত-শ্রোতা ও আপনজনদের কাঁদিয়ে বিদায় নিলেন তিনি।
ডালিয়া নওশীনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারি, ফারহিন খান জয়িতাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে প্রয়াত শিল্পীকে স্মরণ করেছেন।
ডালিয়া নওশীন ১৯৫৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাজহারুল ইসলাম ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি যার কাছ থেকে তিনি সঙ্গীতের অনুপ্রেরণা লাভ করেন। ডালিয়া মাত্র পাঁচ বছর বয়সে কিংবদন্তি শিল্পী সুধীন দাশের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে দীক্ষা নেন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সঙ্গীতের উপর পাঁচ বছর মেয়াদী শিক্ষা গ্রহণ করেন। ভারতের বিখ্যাত গুরুদের কাছেও সঙ্গীতের শিক্ষা লাভ করেছিলেন ডালিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com