দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে তেলের আশায় রাতভর অপেক্ষা করছেন শত শত মোটরসাইকেল বাইকাররা। সীমিত সরবরাহের কারণে পাম্প এলাকায় উপচে পড়া ভিড় সামলাতে অনেক বাইকারকে সড়কের পাশেই রাত যাপন করতে দেখা গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্প এলাকায় হাজারেরও বেশি মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। অনেকেই রোববার সন্ধ্যার পর থেকেই লাইনে অবস্থান নিয়েছেন। কেউ কেউ মোটরসাইকেল পাহারা দিতে সড়কের ওপরই বিছানা পেতে রাত কাটিয়েছেন। পাম্প সূত্রে জানা গেছে, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। সরবরাহ সীমিত থাকায় তেল পেতে আগেভাগেই লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। ফলে দূর-দূরান্ত থেকে আসা বাইকারদের ভোগান্তি বাড়ছে। বাইকার সবুজ মিয়া বলেন, গতকাল সন্ধ্যা থেকে লাইনে আছি। রাতটা এখানেই কাটাতে হয়েছে। তেল না পেলে কাজে যেতে পারবো না, তাই বাধ্য হয়েই অপেক্ষা করছি। বাইকার মিজানুর রহমান বলেন, এত সময় অপেক্ষা করে মাত্র ৩০০ টাকার তেল পাওয়া খুবই কষ্টকর। অন্তত ৫০০ টাকার তেল দিলে আমাদের জন্য সুবিধা হতো। রাব্বি, রাজু ও সোহেলসহ আরও কয়েকজন বাইকার বলেন, “দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল পাচ্ছি না। এতে আমাদের সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে। স্থানীয়দের মতে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ভোগান্তি আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।