বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহারের পথে যাওয়া হবে। আর দাবি না মানলে ৮ দফা এক দফায় রূপ নেবে এবং সরকার পতনের দাবিতে আন্দোলন আরও কঠোর হবে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মোড় এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় তিনি এ সব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আপনারা যে আন্দোলনে নেমেছেন, আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। লংমার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙুল উঁচিয়ে দেখিয়েছে। তারা এক দফার দাবি জানিয়েছে। আপনারা এক দফার প্রস্তুতি নিন।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা এখন ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে রংপুর যাচ্ছি। যখন এক দফার ডাক আসবে, তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের ৮ দফার দাবি মেনে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ।’’
দাবি না মানলে সরকার পতনের এক দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির।
৮ দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়। কর্মসূচির পথে সিরাজগঞ্জের হাটিকুমরুলসহ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুলের পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। তারা গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আন্দোলন আরও কঠোর করার কথাও বলেন তারা। এর আগে, রাজধানীর উদ্বোধনী সমাবেশেও ডা. শফিকুর রহমান বলেছিলেন, ৮ দফা দাবি প্রয়োজনে আরও বাড়তে পারে এবং পরিস্থিতি অনুযায়ী তা এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।
সংবাদ শিরোনাম
৮ দফা না মানলে এক দফা: ডা. শফিকুর
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১১:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 25
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























