খুলনার কয়রায় স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সুশাসন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এক আঞ্চলিক উপকারভোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (গঔঋ)-এর সহযোগিতায় পরিচালিত ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কয়রা উপজেলার উত্তর বেদকাশী ও মহারাজপুর ইউনিয়নে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। এ সময় ৮০টি কমিউনিটি গ্রুপের মাধ্যমে ২ হাজার ৪০০ জন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীকে সরাসরি উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করা হয়েছে। প্রকল্পের আওতায় নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত উঠান বৈঠক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা, স্মার্ট কৃষি বিষয়ক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, সামাজিক সচেতনতামূলক নাটক এবং সরকারি আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজীকরণে সংযোগ তৈরি করা হয়। মো. আজিজুল হকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে পরিবার ও সমাজÑউভয় ক্ষেত্রেই স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলম। বক্তারা জোর দিয়ে বলেন, নাগরিকদের নিজস্ব অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের কার্যকর ও স্বচ্ছ সংযোগ তৈরিই সুশাসনের মূল ভিত্তি। প্রকল্পটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধন্যবাদ জানান উপস্থিত অতিথিরা। সম্মেলনে প্রকল্পের উপকারভোগী নারী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নাগরিক অংশগ্রহণ ও সুশাসন শক্তিশালীকরণে উপকারভোগী সম্মেলন
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 20
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























