কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বড় পুকুরপাড়-সংলগ্ন ফয়জুর রহমান জেনারেল হাসপাতাল (প্রা. লি.) অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল গেট-সংলগ্ন তাজ ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান। অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফয়জুর রহমান জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
রাজিবপুরে তিন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা
-
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০৩:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















