বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সংরক্ষিত নারী আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। রবিবার (২৯ নভেম্বর) সকালে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। সভার শুরুতে উপজেলা প্রশাসন ও লামা থানার অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, আইনশৃঙ্খলা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা লামা উপজেলার চলমান উন্নয়ন কর্মকা-, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। এ সময় সংস্থার সদস্য ও সদস্যাদের পাশাপাশি অসহায় শীতার্ত মানুষের মধ্যে ১০০টি শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, লামা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন, ছাত্রদল নেতা চাঁন মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
সংবাদ শিরোনাম
লামায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি মাধবী মারমার মতবিনিময়
-
তৈয়ব আলী (লামা) বান্দরবান - আপডেট সময় ০৯:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















