বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী যুদ্ধজাহাজটি বন্দরে ফিরে যাচ্ছে। কারণ জাহাজের লন্ড্রি এলাকাতে আগুন ধরে কমপক্ষে দুই নাবিক আহত হয়েছেন। তবে তাদের জীবনহানির কোনো আশঙ্কা নেই। এ খবর দিয়ে অনলাইন ব্লুমবার্গ বলছে, জাহাজটি বর্তমানে লোহিত সাগর থেকে গ্রীসের সোডা বে’র দিকে যাত্রা করছে। এই তথ্য একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেছেন, যুদ্ধজাহাজের ক্যারি স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে অপারেশন চালিয়ে যাবে। মার্কিন নেভি জাহাজের পরিস্থিতি বা সঙ্গে থাকা গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারদের অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবরে বলা হয়, আগুন ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এর লন্ড্রি এলাকায় শুরু হয়। আগুন নেভাতে ৩০ ঘন্টা সময় লেগেছে। এই সময়ের মধ্যে ৬ শতাধিক ক্রুর কেবিন বা বিছানা নষ্ট হয়ে গেছে। আগুনের কারণে কমপক্ষে দুই নাবিক আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
উল্লেখ্য, ইউএসএস জেরাল্ড আর. ফোড হলো পারমাণবিক শক্তিচালিত ১,০০,০০০ টনের বিমানবাহী জাহাজ। এতে ৪ হাজারের বেশি মানুষ থাকতে পারে। জাহাজটি শুরুতে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন অপারেশন সমর্থন দিতে কাজ করছিল। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এটাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর নির্দেশ দেন। জাহাজের বিমান উইংয়ে রয়েছে এফ/এ-১৮ই ও এফ/এ-১৮এফ সুপার হরনেট), ই-২ডি এয়ারবর্ন আরলি ওয়ার্নিং বিমান, এমএইচ-৬০এস এবং এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার এবং সি-২এ গ্রেহাউন্ড। ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের দীর্ঘসময়ের সমুদ্র অভিযান নাবিকদের মনোবল হ্রাস এবং তাদের পরিবারের উপর চাপ সৃষ্টি করেছে। মার্কিন নেভি এক প্রেস রিলিজে জানায়, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা নাবিকদের জন্য নানা রকম চাপ সৃষ্টি হয়েছে।
জানুয়ারিতে ন্যাশনাল পাবলিক রেডিও জানায়, জাহাজে টয়লেট সিস্টেমে সমস্যা হয়েছিল। নেভি জানায়, এই সমস্যা সাধারণত নাবিকদের ভুল ব্যবহারের কারণে হয়ে থাকে। ক্যাপ্টেন ডেভিড স্কারোসি জাহাজের কমান্ডিং অফিসার। তিনি বলেছেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে সিস্টেম নির্ভরযোগ্যভাবে কাজ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com