দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য উন্নয়নের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া খালের কোদালধোয়া মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৭/৬/২০২৬ ইং অনুযায়ী দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে অভয়াশ্রমে মোট ২৬৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ১০০ কেজি টেংরা, ১০০ কেজি গুলশা এবং ৬৮ কেজি শিং মাছের পোনা। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. হাদিউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, সুনীতি কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং মো. হাফিজুর রহমান শিকদার, আহবায়ক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্য অভয়াশ্রমের সুফলভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এসব প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অভয়াশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জেলেদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। উপস্থিত অতিথিরা দেশের জলজ সম্পদ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়ার কোদালধোয়া মৎস্য অভয়াশ্রমে ২৬৮ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত
-
সাইফুল মৃধা আগৈলঝাড়া - আপডেট সময় ০১:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 140
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























