মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইশতেহার বাস্তবায়নে পাঁচ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বিভাগভিত্তিক ১৮০ দিন আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় অংশীজনরা শ্রীমঙ্গলের যানজট, পর্যটকবান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া চা বাগান শ্রমিকদের বাসস্থান তৈরি ও বেকারত্ব নিরসনের কর্মপরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছর এবং আগামী পঞ্চ বার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগণকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সরকারের ঘোষিত নির্বাচনি ইশতেহার ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দির-গির্জার পুরোহিত, সেবাইতসহ অন্যান্য উপকারভোগীর মাসিক সম্মানী ঈদুল ফিতরের পূর্বেই বাস্তবায়ন করা হয়েছে। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানে সরকার কৃষক কার্ড প্রদান, বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজন কর্মসচি বাস্তবায়ন শুরু করেছে। এমপি আরো বলেন, সুবিধাবঞ্চিত নৃ তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সব জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে। একইসাথে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।