একসময় মানুষের কল্পনার জগতে যে বিষয়গুলো ছিল অসম্ভব, প্রযুক্তির অগ্রযাত্রায় আজ সেগুলোই বাস্তবতার অংশ হয়ে উঠছে। মানুষের কথা বোঝা, প্রশ্নের উত্তর দেওয়া, ছবি তৈরি করা কিংবা লেখালেখির মতো কাজও এখন এআই করতে পারে। এমনকি বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণসহ নানা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা এরই মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। শিক্ষা, চিকিৎসা, গবেষণা, কর্মক্ষেত্র থেকে শুরু করে বিনোদন; প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাড়ছে এর ব্যবহার।
এআই মানুষের কাজকে করেছে সহজ, দ্রুত ও অনেক ক্ষেত্রে আরও কার্যকর। কিন্তু এই অগ্রগতির আড়ালেই রয়েছে কিছু অস্বস্তিকর প্রশ্ন। মানুষের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এআই কি তাকে নিজের চিন্তা ও সৃজনশীলতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কর্মক্ষেত্র, ব্যক্তিগত নিরাপত্তা কিংবা পরিবেশের ওপর এর প্রভাব কতটা গভীর? এআইয়ের এই দ্বিমুখী প্রভাবই সামনে আনে এক নতুন বাস্তবতা। একই প্রযুক্তি কখনো আশীর্বাদ, আবার অসচেতন ও অনিয়ন্ত্রিত ব্যবহারে হয়ে উঠতে পারে অভিশাপ।
কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস অবশ্য একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে গণিত, যুক্তিবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান ও মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালি নিয়ে দীর্ঘদিনের গবেষণা। ১৯৫০ সালে ব্রিটিশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিং তার বিখ্যাত গবেষণাপত্র কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্সে প্রশ্ন তুলেছিলেন, যন্ত্র কি চিন্তা করতে পারে? পরবর্তীতে তার প্রস্তাবিত ‘টিউরিং টেস্ট’ যন্ত্রের বুদ্ধিমত্তা মূল্যায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
১৯৫৫ সালে জন ম্যাকার্থি, মারভিন মিনস্কি, ন্যাথানিয়েল রচেস্টার ও ক্লদ শ্যানন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটি ব্যবহার করে একটি গবেষণা প্রস্তাব দেন। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের এক কর্মশালার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর এআই গবেষণা এগোলেও বিভিন্ন সময়ে অর্থায়ন ও প্রত্যাশার ঘাটতির কারণে ‘এআই উইন্টার’-এর মতো স্থবিরতার পর্যায়ও এসেছে। ১৯৯৭ সালে আইবিএমের ‘ডিপ ব্লু’ বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপারভকে হারিয়ে এআইয়ের সক্ষমতার নতুন দৃষ্টান্ত তৈরি করে। এরপর ২০১০-এর দশকে বিপুল ডাটা, উন্নত কম্পিউটিং ক্ষমতা এবং মেশিন লার্নিং ও ডিপ লার্নিংয়ের অগ্রগতিতে এআই দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। আর সাম্প্রতিক সময়ে জেনারেটিভ এআই লেখালেখি, ছবি তৈরি, কোডিংসহ নানা কাজকে সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছে।
আজ বিশ্বের বিভিন্ন দেশে এআই ব্যবহারের বিস্তারও দ্রুত বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও এশিয়ার সিঙ্গাপুর জেনারেটিভ এআই ব্যবহারে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে। ইউরোপের নরওয়ে, আয়ারল্যান্ড, ফ্রান্স ও স্পেনেও এর ব্যবহার উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র এআই অবকাঠামো ও উন্নত মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে উন্নত বিশ্বের সঙ্গে উন্নয়নশীল বিশ্বের ব্যবহারে এখনো বড় ব্যবধান রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। শিক্ষা, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার, ব্যবসা, কনটেন্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন পেশায় এআইয়ের উপস্থিতি দৃশ্যমান হচ্ছে। একই সঙ্গে দেশে এআই ব্যবহারের নীতিমালা, দক্ষতা, কর্মসংস্থান, গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে কাজও এগিয়ে চলছে।
এআইয়ের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি হলো চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার। এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআইয়ের মতো মেডিকেল ইমেজ বিশ্লেষণে এআই চিকিৎসকদের সহায়তা করছে। রোগ শনাক্তকরণ, ঝুঁকি নির্ণয় এবং নতুন ওষুধ ও চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণাতেও এর ব্যবহার বাড়ছে। কৃষিক্ষেত্রেও এআই নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। স্যাটেলাইট ছবি, সেন্সর ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে মাটির অবস্থা, ফসলের রোগ, সেচের প্রয়োজন কিংবা পোকামাকড়ের আক্রমণ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। ফলে কৃষিতে সম্পদের আরও কার্যকর ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনার সুযোগ তৈরি হচ্ছে।
শিক্ষা ও গবেষণায়ও এআইয়ের প্রভাব উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী শেখার উপকরণ তৈরি, জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা এবং বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণে এটি সহায়ক ভূমিকা রাখছে। গবেষণাক্ষেত্রে বড় ডাটাসেট বিশ্লেষণ, তথ্যের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা এবং নতুন গবেষণার সম্ভাবনা শনাক্ত করতেও এআই ব্যবহৃত হচ্ছে। শিল্প ও ব্যবসায় উৎপাদন ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা, গ্রাহকের চাহিদা বিশ্লেষণ, যন্ত্রপাতির সম্ভাব্য ত্রুটি শনাক্তকরণ ও প্রতারণা শনাক্তকরণে এআই কাজকে আরও দ্রুত ও কার্যকর করছে। পরিবেশের ক্ষেত্রেও আবহাওয়ার পূর্বাভাস, বায়ুদূষণ পর্যবেক্ষণ, জলবায়ু মডেলিং এবং জ্বালানি ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার বাড়ছে।
কিন্তু এআইয়ের এই বিস্ময়কর অগ্রগতির আড়ালেও রয়েছে এক ভিন্ন বাস্তবতা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে সহজ ও দ্রুত করলেও তৈরি করছে নতুন কিছু সংকট। এর প্রভাব পড়ছে মানুষের চিন্তাশক্তি, কর্মসংস্থান, নিরাপত্তা ও পরিবেশের ওপর।
এআইয়ের ওপর মানুষের অতিরিক্ত নির্ভরতা ধীরে ধীরে নিজস্ব বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। সাধারণ গাণিতিক হিসাব থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ, লেখালেখি কিংবা যোগাযোগ; প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ছে। ফলে মানুষের স্বতঃস্ফূর্ত চিন্তাশক্তি, বিচার-বুদ্ধি ও সৃজনশীলতা দিন দিন লোপ পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রযুক্তি-নির্ভরতার এই প্রবণতা মানুষকে এমন এক সমাজের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে নিজের সক্ষমতার চেয়ে যন্ত্রের ওপর নির্ভরতাই হয়ে উঠছে প্রধান অবলম্বন।
অন্যদিকে, স্বয়ংক্রিয় ব্যবস্থার বিস্তারে কর্মসংস্থানের চিত্রও দ্রুত বদলে যাচ্ছে। কাস্টমার সাপোর্ট, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং এবং কোডিংয়ের মতো পেশায় এআই দ্রুত মানুষের জায়গা দখল করছে। এর ফলে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক বিশৃঙ্খলা ও বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।
সবচেয়ে ভয়াবহ প্রশ্নটি অবশ্য মানব অস্তিত্বকে ঘিরে। বিজ্ঞানীদের একটি অংশ সতর্ক করেছেন, এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতি একসময় মানবজাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। বিশেষ করে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই মানুষের চেয়ে বহুগুণ বেশি সক্ষম হয়ে উঠলে সেটি নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারে। মানুষের উদ্দেশ্যের সঙ্গে সেই লক্ষ্য সাংঘর্ষিক হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই এআই-চালিত মারণাস্ত্র সিদ্ধান্ত নিতে পারে। ভুল অ্যালগরিদমে এসব অস্ত্র বড় ধরনের ধ্বংসযজ্ঞ, এমনকি বিশ্বযুদ্ধও ডেকে আনতে পারে।
এআইয়ের অন্ধকার দিক শুধু মানবসমাজেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়ছে পৃথিবীর পরিবেশ ও পানিসম্পদের ওপরও। বিশাল সুপারকম্পিউটার ও ডেটাসেন্টারে এআই মডেল পরিচালনা ও প্রশিক্ষণের সময় প্রচ- তাপ উৎপন্ন হয়। সেই তাপ নিয়ন্ত্রণে কুলিং ব্যবস্থায় বিপুল পরিমাণ পানি ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট পরিস্থিতিতে এআইয়ের মাত্র ১০ থেকে ৫০টি ছোট বার্তার উত্তর তৈরিতেও প্রায় ৫০০ মিলিলিটার বা আধা লিটার পানি ব্যবহৃত হতে পারে। একটি বড় এআই মডেল প্রশিক্ষণেও প্রয়োজন হতে পারে লাখ লাখ লিটার পানি।
যেখানে বিশ্বের কোটি কোটি মানুষ এখনো নিরাপদ পানীয় জলের সংকটে ভুগছে, সেখানে ডেটাসেন্টারের বিপুল পানি ব্যবহার নতুন করে পরিবেশগত প্রশ্ন তৈরি করছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার মতো খরাপ্রবণ অঞ্চলে ডেটাসেন্টার নির্মাণের কারণে স্থানীয় পানিসম্পদের ওপর চাপ বাড়ছে। চিলির খরাপ্রবণ এলাকাতেও ডাটাসেন্টারের পানি ব্যবহার নিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইউরোপের নেদারল্যান্ডসসহ বিভিন্ন অঞ্চলেও গরমের সময়ে ডাটাসেন্টারের কুলিং ব্যবস্থায় পানির ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর পানিসম্পদ যখন হুমকির মুখে, তখন এআইয়ের অতিরিক্ত পানি ও জ্বালানি ব্যবহার নতুন পরিবেশগত সংকট তৈরি করছে। তাই এআই শুধু মানুষের কর্মক্ষেত্র বা চিন্তাজগতকেই বদলে দিচ্ছে না; এর প্রভাব পৌঁছে যাচ্ছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ও সামগ্রিক বাস্তুতন্ত্রেও।
তবে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন সচেতন ও দায়িত্বশীল ব্যবহার। ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকসংক্রান্ত তথ্য কিংবা জাতীয় পরিচয়পত্রের মতো সংবেদনশীল তথ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে। এআইয়ের দেওয়া তথ্যকে চূড়ান্ত সত্য না ধরে গুরুত্বপূর্ণ তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সন্দেহজনক ছবি, ভিডিও বা অডিও যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার করা উচিত নয়। একই সঙ্গে কপিরাইট ও মেধাস্বত্বের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এআই হওয়া উচিত শেখার সহায়ক, চিন্তার বিকল্প নয়। কারণ প্রযুক্তি উত্তর দিতে পারে, কিন্তু নিজে চিন্তা করা, প্রশ্ন করা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা মানুষেরই অর্জন। তাই বাংলাদেশের মতো দ্রুত ডিজিটাল পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দেশে এআই ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ডিজিটাল দক্ষতা, তথ্যনিরাপত্তা, নৈতিকতা ও কার্যকর নীতিমালা।
শেষ পর্যন্ত এআই ভবিষ্যতে মানুষের বিকল্প হয়ে উঠবে, নাকি মানুষের সক্ষমতার সহায়ক হবে; তা শুধু প্রযুক্তির ওপর নয়, বরং মানুষের সিদ্ধান্ত ও ব্যবহারের ওপরই নির্ভর করবে। একটি ছুরি যেমন রান্নাঘরে প্রয়োজনীয় হাতিয়ার, আবার ভুল হাতে বিপজ্জনক অস্ত্রও হয়ে উঠতে পারে, এআইয়ের ক্ষেত্রেও মূল প্রশ্ন প্রযুক্তিটির অস্তিত্ব নয়, বরং তার ব্যবহার। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে আশীর্বাদ বা অভিশাপ কোনোটিই নয়। এর সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণই ঠিক করবে, ভবিষ্যতে এটি মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, নাকি সংকটের কারণ হবে।
লেখক: শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সংবাদ শিরোনাম
এআই: আশীর্বাদ বনাম অভিশাপ
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ০৮:১৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 9
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























