ফাইভ-জি নেটওয়ার্কে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারির চার্জ তুলনামূলক দ্রুত শেষ হতে পারে। ছবি: এআই দিয়ে তৈরি। ফাইভ-জি নেটওয়ার্কের আওতাধীন এলাকায় অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অনেক ভালো হতে পারে। তবে অবস্থানভেদে গতির পার্থক্য হয়। এর একটি অসুবিধাও রয়েছে। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহারে ফোনের ব্যাটারির চার্জ কিছুটা দ্রুত শেষ হয়।
যদিও এই পার্থক্য খুব বেশি নয়, তবু ফোনের মডেলভেদে ব্যাটারির চার্জ ৬ থেকে ১১ শতাংশ পর্যন্ত কমতে পারে। অর্থাৎ, একবার পূর্ণ চার্জে সাধারণত ১০ ঘণ্টা ফোন ব্যবহার করা গেলে ফাইভ-জি নেটওয়ার্কে তা কমে প্রায় ৯ ঘণ্টায় নেমে আসতে পারে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে।
প্রথমত, অনেক ফোনে নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে ফোন একই সঙ্গে ফোর-জি ও ফাইভ-জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। কোনো এলাকায় নেটওয়ার্কের সংকেত দুর্বল হলে বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও পুনরায় যুক্ত হওয়ার কারণে ব্যাটারির খরচ বেড়ে যায়।
এ ছাড়া ফাইভ-জি নেটওয়ার্কের তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের কারণে দেয়ালসহ বিভিন্ন বাধা ভেদ করে সংকেত পৌঁছানো কঠিন হতে পারে। ফলে স্থিতিশীল সংযোগ বজায় রাখতে ফোনকে বেশি কাজ করতে হয়।
সবশেষে, শুধু ফোর-জি সমর্থনকারী ফোনের তুলনায় ফাইভ-জি ফোনে সাধারণত বেশি অ্যানটেনা থাকে। এসব অ্যানটেনা পরিচালনার জন্যও বিদ্যুতের প্রয়োজন হয়। সব মিলিয়ে এসব কারণে ফোনের শক্তি খরচ বাড়ে এবং ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়।
ফাইভ-জি নেটওয়ার্কে ফোন কী ধরনের কাজ করছে, সেদিকেও খেয়াল রাখা জরুরি। যেমন- সব অ্যাপ একসঙ্গে মোবাইল ডেটা ব্যবহার করে আপডেট হতে শুরু করলে সেটি সরাসরি ফাইভ-জি নেটওয়ার্কের সমস্যা নয়। তবে এতে ফোনের কাজের চাপ বাড়ে এবং দ্রুত চার্জ দেওয়ার প্রয়োজন হয়।
অনেকের ধারণার বিপরীতে, ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ক্ষতি হয় না। এমনকি ফোন অব্যবহৃত অবস্থায় থাকলেও ফাইভ-জি সংযোগের কারণে অতিরিক্ত চার্জ খরচের পরিমাণ খুবই কম। তাই শুধু ব্যাটারি সাশ্রয়ের জন্য ফাইভ-জি বন্ধ রাখার প্রয়োজন নেই। তবে ফোনের চার্জ যতটা সম্ভব দীর্ঘক্ষণ ধরে রাখতে চাইলে স্ক্রিনের উজ্জ্বলতা কমানো কিংবা ব্যাটারি সেভার মোড চালু করা বেশি কার্যকর হতে পারে।
দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার থেকে নিজেকে বঞ্চিত না করে বরং কিছু সহজ ব্যবস্থা নেওয়া যায়। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সঙ্গে ছোট আকারের একটি পাওয়ার ব্যাংক রাখতে পারেন। পাশাপাশি অ্যাপগুলো যেন শুধু ওয়াই-ফাই সংযোগে আপডেট হয়, তা নিশ্চিত করে অপ্রয়োজনীয় নেটওয়ার্ক ব্যবহার কমানো সম্ভব। ফোনটি অনেক পুরোনো হলে নতুন মডেল কেনার কথাও ভাবতে পারেন।
এর কারণ, আধুনিক প্রসেসরযুক্ত নতুন ফোনে ফাইভ-জি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ তুলনামূলক কম খরচ হয়। তা ছাড়া ব্যাটারি যত পুরোনো হয়, সাধারণত এর মূল ধারণক্ষমতার ততটাই কমে যায়।
পাশাপাশি ফাইভ-জি প্রযুক্তিও উন্নত হচ্ছে। যেমন, ফাইভ-জি প্লাস (ফাইভ-জি+) প্রযুক্তিতে দেয়াল ভেদ করে সংকেত পৌঁছানোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ফলে স্থিতিশীল সংযোগ বজায় রাখতে ফোনের ওপর চাপ কিছুটা কমতে পারে।
সব মিলিয়ে ফাইভ-জি নিয়ে অনেক উদ্বেগই অতিরঞ্জিত। দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের বিনিময়ে ব্যাটারির সামান্য বাড়তি চার্জ খরচ খুব বড় সমস্যা নয়। সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নতি হলে এই প্রভাব আরও কমে আসার সম্ভাবনা রয়েছে। সূত্র: বিজিআর
সংবাদ শিরোনাম
ফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হয় কেন?
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ০৯:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























