শুরুতেই ব্যাটিং বিপর্যয়, পরে বল হাতে সাদামাটা! ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নুন্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ নারী দল। শুক্রবার আগে ব্যাটিং করে ১৬৭ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ফিবি লিচফিল্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। একই মাঠে রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুই দল।
রান তাড়ায় শুরুতেই জর্জিয়া ভোলেকে হারায় অস্ট্রেলিয়া। তার উইকেট তুলে নেন বাংলাদেশের অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লিচফিল্ড। মাত্র ৩৫ বলে ফিফটি তুলে নেওয়া এই বাঁহাতি ওপেনার বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি ম্যাচে ফেরার। ৫৯ বলে ৭৭ রানের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা মারেন তিনি। রাবেয়া খানের বলে শর্ট কভারে ক্যাচ দিয়ে ফিরলেও ততক্ষণে অস্ট্রেলিয়াকে জয়ের খুব কাছে পৌঁছে দিয়েছেন লিচফিল্ড। এলিসা পেরির সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৯ রান।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই মেগান শুটের শিকার হয়ে ফেরেন ফারজানা হক। নিজের পরের ওভারে শুট ফিরিয়ে দেন শারমিন সুলতানাকেও। ১১ রানে দুই ওপেনারের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেট হলেও ২৬ বলে ২৪ রান করেন শারমিন। সোবহানা মোস্তারি ১৭ বল খেলে করেন ২ রান। ৪৮ রানে ৪ উইকেট হারানোর পর স্বর্ণাকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন জ্যোতি। তবে দুজনের কেউই রানের গতি বাড়াতে পারেননি। ৮৬ বল খেলে ২৯ রান করে তাহ্লিয়া ম্যাকগ্রার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যোতি।
আর ২১ রান করতে ৫০ বল খেলেন স্বর্ণা। ১২২ রানে ৭ উইকেট হারানোর পর শেষ দিকে রিতু মনির ৪৫ রানের ইনিংস এবং নাহিদা আক্তারের অপরাজিত ১৯ রানে দেড়শ পেরোয় সফরকারীদের সংগ্রহ। ৬৩ বলের ইনিংসে পাঁচটি চার মারেন রিতু।
অস্ট্রেলিয়ার হয়ে সাদারল্যান্ড ৩০ রানে চার উইকেট নেন। শুটের শিকার হন দুই ব্যাটার; ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটি মেডেনসহ চারটি মেডেন আদায় করেন এই পেসার।
সংবাদ শিরোনাম
ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ০৬:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 14
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























