মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না, এমন এলাকাকে বলা হয় ‘ডেড জোন’। এ সমস্যা দূর করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তিনি বলেন, বাড়ির ছাদে স্থাপন করা যাবে এমন ছোট আকারের সেল টাওয়ারের নকশা তৈরির কাজ শেষ করেছে স্পেসএক্স। এসব টাওয়ারের মাধ্যমে মোবাইল ফোনে নেটওয়ার্কের আওতা বাড়ানো সম্ভব হবে। বিশেষ করে ভবনের ভেতরে যেখানে স্টারলিংক স্যাটেলাইটের সংকেত পৌঁছাতে সমস্যা হয়, সেখানে এগুলো কার্যকর হবে।
চলতি সপ্তাহে ডিলবুক সামিটে এক সাক্ষাৎকারে মাস্ক জানান, ২০২৭ সালে এসব ক্ষুদ্র সেল টাওয়ারের উৎপাদন শুরু হতে পারে।
মাস্ক বলেন, ‘পৃথিবীর যেকোনো জায়গায়, এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে।’ তিনি জানান, আগামী বছর ডাইরেক্ট-টু-সেল ভি২ স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করবে স্পেসএক্স। এতে ডেটা আদান-প্রদানের সক্ষমতা ৪০ গুণ বাড়বে।
তবে এ পরিকল্পনা বাস্তবায়নে একটি ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন মাস্ক। তার ভাষ্য, ভবনের ভেতরে, বিশেষ করে ধাতব ছাদযুক্ত ভবনে থাকলে মহাকাশ থেকে আসা স্যাটেলাইটের সংকেত বাধাগ্রস্ত হয়। এ সমস্যা সমাধানে মানুষের অবস্থানের কাছাকাছি স্থলভিত্তিক প্রযুক্তি প্রয়োজন।
শুরুতে স্পেসএক্সের পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ওয়্যারলেস স্পেকট্রাম বা তারহীন যোগাযোগের জন্য নির্ধারিত তরঙ্গ ব্যবহারের অধিকার কেনা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) অনুমোদন পাওয়ার পর টি-মোবাইলের সঙ্গে অংশীদারত্বে সরাসরি মোবাইল ফোনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা এগিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে ইকোস্টারের সঙ্গে ১ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করে স্পেসএক্স। এ ছাড়া চলতি বছর ৮০০ কোটি ডলার মূল্যমানের লো-ব্যান্ড স্পেকট্রামের একটি অংশ অধিগ্রহণে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।
মাস্কের মতে, কেনা ওয়্যারলেস স্পেকট্রামের সঙ্গে ক্ষুদ্র সেল টাওয়ার যুক্ত করলে মোবাইল নেটওয়ার্কের সংকেত আরও শক্তিশালী হবে এবং ডেড জোনের সমস্যা দূর করা সম্ভব হবে। তিনি জানান, ‘মাইক্রো সেল টাওয়ার’ ধরনের একটি যন্ত্রের নকশা তৈরি শেষ হয়েছে। এটি স্টারলিংক ডিশের মতোই বাড়ির ছাদে স্থাপন করা যাবে।
তবে উৎপাদন শুরুর সময় নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি মাস্ক। তিনি জানান, তার ধারণা, আগামী বছর যন্ত্রগুলোর উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, উৎপাদনের সময়সীমা নিয়ে আগেও একাধিকবার নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।
এ ধরনের প্রযুক্তির ধারণা অবশ্য নতুন নয়। তবে স্পেসএক্স এ বিষয়ে হার্ডওয়্যার তৈরির কাজে কতটা এগিয়েছে, তা চলতি সপ্তাহের আগে স্পষ্ট ছিল না।
স্পেসএক্সের প্রেসিডেন্ট গিন শটওয়েল চলতি বছরের আগস্টে প্রতিষ্ঠানের আয়সংক্রান্ত এক সম্মেলনে জানিয়েছিলেন, তারা বড় আকারের সেল টাওয়ার ব্যবহার করবেন না। এর পরিবর্তে ছোট আকারের ও কম বিদ্যুৎ খরচ হয় এমন সেলুলার বেস স্টেশন স্থাপন করা হবে।
নতুন অগ্রগতির কথা জানালেও স্পেসএক্স এখনো পরিকল্পনার বিভিন্ন দিক চূড়ান্ত করছে বলে মনে হচ্ছে। মাস্ক জানিয়েছেন, ক্ষুদ্র সেলুলার বেস স্টেশনগুলো স্টারলিংক টার্মিনালের সঙ্গে একত্রে সরবরাহ করার একটি উপায় নিয়েও ভাবছে প্রতিষ্ঠানটি।
সূত্র: টেকক্রাঞ্চ
সংবাদ শিরোনাম
মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়াতে নতুন উদ্যোগ ইলন মাস্কের
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- 11
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























