দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু। মৌসুমের শুরুতেই প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। অন্যদিকে, বাজারে পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। নতুন আলুর চড়া দাম হওয়ায় অধিকাংশ ক্রেতাই কিনছেন পুরাতন আলু। তবে কেউ কেউ শখ করে কিনছেন মৌসুমের প্রথম নতুন আলু। শনিবার (২১ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, কয়েকটি সবজির দোকানে ছোট ছোট ডালায় সাজিয়ে রাখা হয়েছে আগাম জাতের নতুন আলু। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা আলু না কিনে শুধু দেখেই চলে যাচ্ছেন। আবার কেউ কেউ নতুন আলুর স্বাদ নিতে সামর্থ্য অনুযায়ী কিনছেন। বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আজিজুল হক বলেন, বাজারে নতুন আলু উঠেছে, তবে দাম অনেক বেশি। প্রতি কেজি ২০০ টাকা। এত দামে আলু কেনার প্রয়োজন নেই। যেখানে পুরাতন আলু মাত্র ১৫ টাকা কেজি, তাই পুরাতন আলুই কিনেছি। আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, শখের দাম লাখ টাকা। বাজারে নতুন আলু উঠেছে, নতুন আলুর স্বাদই আলাদা। ২০০ টাকা কেজি হলেও আধা কেজি কিনেছি। পুরাতন আলু তো প্রতিদিনই খাওয়া হয়।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গতকাল থেকে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। এসব আলু পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে। মৌসুমের শুরুতে আগাম জাতের আলুর দাম বেশি থাকে। আমরা প্রতি কেজি ২০০ টাকা দরে খুচরা বিক্রি করছি। পুরাতন আলুর দাম কম থাকায় নতুন আলুর প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ নেই। তবে বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছি।
সংবাদ শিরোনাম
হিলিতে নতুন আলুর কেজি ২০০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা
-
দিনাজপুর প্রতিনিধি - আপডেট সময় ০২:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















