বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

ভুট্টা চাষে অধিক লাভের আশায় কৃষকের চোখে খুশির ঝিলিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

ভুট্টা এখন এই জেলার একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়া, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার ফলে চলতি মৌসুমে জেলা জুড়ে ভুট্টার অধিক ফলনের আশা করছেন কৃষকেরা। বিস্তীর্ণ ফসলের মাঠে মাথা উঁচু করে নিজেদের প্রাচুর্যের কথাই যেন ঘোষণা করছে ভুট্টার কচি শিষ ও সবুজ পাতারা। তাই দেখে কৃষকদের চোখেও খুশির ঝিলিক।
সরেজমিনে দেখা যায়, জেলার পাঁচটি উপজেলা ছাড়াও তিস্তার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে ভুট্টার আবাদ হচ্ছে। এক সময় যেসব জমিতে আগাছা ছাড়া কিছুই হতো না, সেসব অনাবাদি ও পরিত্যক্ত জমিতেও এখন দুলছে সবুজ ভুট্টার গাছ।
জানা যায়, ভুট্টা চাষে খরচ তুলনামূলক কম ও ফলন বেশি। পাশাপাশি বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় কৃষকদের মধ্যে এই ফসল চাষে আগ্রহ বাড়ছে। বিশেষ করে গবাদিপশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যাপক ব্যবহার থাকায় বছরজুড়েই এর চাহিদা থাকে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর লালমনিরহাট জেলায় দুই মৌসুমে ৩৯ হাজার ৯৫৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪৬,৮৫৫ মেট্রিক টন। বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে প্রথম সেচ ও আগাছা দমন এবং ৫০-৫৫ ও ৭০-৭৫ দিনের মাথায় আরও দুটি হালকা সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। এছাড়া, ভুট্টায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম।
মহেন্দ্রনগর ইউনিয়নের চাষি ওসমান গনি (৫২) বাসসকে বলেন, ‘এবার এক একর জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫-১৮ হাজার টাকা। বাজারে প্রতি মণ ভুট্টা ১১’শ টাকায় বিক্রি হচ্ছে, ফলে বিঘা প্রতি ১৮-২০ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।’
তিস্তা পাড়ের কৃষক আলমগীর মিয়া (৪৫) বলেন, ‘ভুট্টা গাছের সব কিছুই কাজে লাগে। পাতা গবাদিপশুর খাদ্য, আর ডাঁটা ও মোচা লাকড়ি হিসেবে ব্যবহার করি। দাম ও চাহিদা ভালো থাকলে আগামী বছর আরও বেশি জমিতে ভুট্টা চাষ করব।’
বড়বাড়ী ইউনিয়নের কৃষক আব্দুল হাকিম (৫৫) বলেন, ‘ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এবারও দেড় বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি, ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাব।’
লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, ‘ভুট্টা একটি লাভজনক ফসল। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং চাষে সব ধরণের সহায়তা দিতে আমরা প্রস্তুত।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, ‘লালমনিরহাটে এখন ভুট্টা একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে। কৃষকদের আরও উৎসাহিত করতে এবং সাফল্য ধরে রাখতে কৃষি বিভাগ সর্বাত্মক সহায়তা দিচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com