বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন
শাহ বুলবুল
পরাধীনতা থেকে মুক্তির সূচনাদিন ‘৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। আনন্দ ও গর্বের দিনটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। ২৬ মার্চ ২০২৬, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সেনানীদের স্মরণ করে বক্তব্য রাখেন দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী হৃদ্ধি সাহা এবং কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব জাকিদুল ইসলাম।
শ্রদ্ধা ও ভালোবাসায় ‘৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর বলেন, ‘সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা রাখতে হবে এবং দেশের জন্য নিজ নিজ দায়িত্ব পালন করত হবে নির্ভয়ে তবেই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।’ অধ্যক্ষ বলেন, ‘আমাদের কর্তব্য সম্পাদন করতে হবে নিজ দায়িত্বে যাতে লাখো শহীদের রক্ত বৃথা না যায় এবং ভালো থাকে আমাদের মাতৃভূমি’। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব জাকিদুল ইসলাম বলেন, ‘আজ আমাদের প্রথম অঙ্গীকার হবে সুখী, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। বক্তব্যে জনাব জাকিদুল ইসলাম তুলে ধরেন, নয় মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট।
রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাসকে আলোকপাত করে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো আলোচনার শুরুতেই স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বৌদ্ধ সন্ন্যাসী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, ‘একটি বিষয় আমাদের ভাবতেই হবে, যে লক্ষ্য ও আদর্শের ওপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তার মূল্যবোধ রক্ষায় আমরা কতটা আন্তরিক হতে সক্ষম হয়েছি! বাস্তবে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে দেশপ্রেম বুকে ধারণ করে, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এ লক্ষ্য অর্জনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে যোগ্য উত্তরসূরী।’ সভাপতির বক্তব্যে কলেজের সম্মানিত রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চার মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে যাতে তারা ইতিহাস বিস্মৃত না হয়।’ প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার মতে, আমাদের অনুপ্রেরণা হবে ১৯৭১ সালের বীরত্ব যার মাধ্যমে আমরা বৈষম্যহীন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবো।
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ আয়োজিত ‘৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন অনুষ্ঠানের শেষাংশে ছিলো শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শিক্ষক রানজুনি চাকমা ও মান কুমারী চাকমা। সার্বিক তত্বাবধানে ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সিনিয়র প্রভাষক রতন কুমার ধর।