বাগেরহাটের চিতলমারীতে প্রকাশ্যে দিবালোকে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নারী ও শিশুদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর, মারধর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার শিবপুর দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী কবির মোল্লার বাড়িতে এই বর্বর হামলা চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে চিতলমারী থানায় ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেনÑরাসেল মোল্লা(৩০), খলিল মোল্লা(৩৫), হবি মোল্লা(৪০), ছিয়াদুল মোল্লা(১৯), রাজিয়া বেগম(৩৫), আছিয়া বেগম(২৮), রাছি বেগম(৩৩), ইনি বেগম(১৯) ও শারমিন বেগম(২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর করে। এরপর প্রবাসীর স্ত্রী কুলসুম বেগমকে বেঁধে এবং তার দুই শিশু কন্যাকে জিম্মি করে আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি মোবাইল ফোন লুট করে। বাধা দিলে ভুক্তভোগীদের বেদম মারপিট ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। ১৪ আগস্ট (শুক্রবার) দুপুরে দায়ের করা ওই অভিযোগে শাহজাহান মোল্লার ছেলে রাসেল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করেছে বলে বাদী জানিয়েছেন। বর্তমানে পুরুষশূন্য পরিবারের ৪ সদস্য চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদ শিরোনাম
চিতলমারীতে প্রবাসীর বাড়িতে প্রকাশ্যে হামলা ও লুটপাট: থানায় অভিযোগ
-
একরামুল হক মুন্সী (চিতলমারী) বাগরহাট - আপডেট সময় ০৯:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 63
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























