বৈষম্যহীন, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রংপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে থেকে কাজ করতে হবে। মানুষের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সোমবার সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলা বিএনপি, রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন খাতে যে দুর্বলতা ও সংকট তৈরি হয়েছে, তার প্রভাব বিদ্যুৎ, গ্যাস, শিল্প-কারখানা, পোশাক খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। এসব সংকট কাটিয়ে একটি স্থিতিশীল অর্থনীতি দাঁড় করাতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু সরকারের উন্নয়ন কর্মকা-ের প্রচার নয়, জনগণের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখাই মূল দায়িত্ব। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব, বলেন তিনি। মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এমপি সাকিলা ফারজানা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চান, সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বিএনপি প্রচার দলের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজীবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এমপি ব্যারিস্টার সাকিলা ফারজানা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এমপি তাদের বক্তব্য শোনেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। এছাড়া তিনি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করেন।
সংবাদ শিরোনাম
বৈষম্যহীন, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার-এমপি সাকিলা ফারজানা
-
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- 120
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















