একসময় পর্দায় নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে বলিউডে ‘সিরিয়াল কিসার’ তকমা পেয়েছিলেন ইমরান হাশমি। তার চুম্বন দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে সময় বদলেছে। এবার কোনো চুম্বন দৃশ্য ছাড়াই বক্স অফিসে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের স্বাদ পেলেন এই অভিনেতা।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’র প্রায় ১৯ বছর পর এসেছে এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। আর ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম একক ছবি হিসেবে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এটি। শুধু তাই নয়, প্রথম সপ্তাহেই ছবিটির আয় ১১১ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করে ২৩ কোটি ৪০ লাখ রুপি। দ্বিতীয় দিনেও একই পরিমাণ আয় হয়। তৃতীয় দিনে ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ৩৪ কোটি ৯ লাখ রুপিতে। এরপর রোববার ২৬ কোটি ৮২ লাখ, সোমবার ১০ কোটি ৬ লাখ, মঙ্গলবার ১০ কোটি ২৬ লাখ এবং বুধবার ৭ কোটি রুপি আয় করে ছবিটি।
সব মিলিয়ে ভারতে ‘আওয়ারাপন ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ১১১ কোটি ৬৩ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে বলে জানা গেছে।
এই সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ এর আগে একক নায়ক হিসেবে এত বড় বক্স অফিস সাফল্য পাননি তিনি। ২০২৩ সালের ‘টাইগার থ্রি’তে সালমান খানের সঙ্গে অভিনয় করে বড় অংকের ব্যবসা করেছিলেন ইমরান। তবে সেই ছবিতে সালমানের তারকাখ্যাতিও বড় ভূমিকা রেখেছিল। এবার সম্পূর্ণ নিজের কাঁধে ছবির ভার নিয়ে বক্স অফিসে এমন সাফল্য পেলেন তিনি।
‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্য দিয়ে যেন দীর্ঘদিন পর বড় পর্দায় নিজের পুরোনো দাপট ফিরে পেলেন ইমরান। গত কয়েক বছরে সিনেমা ও সিরিজে তাকে দেখা গেলেও আগের মতো আলোচনার কেন্দ্রে ছিলেন না এই অভিনেতা। ফলে প্রশ্ন উঠেছিল, দর্শক কি ইমরান হাশমিকে ভুলতে বসেছেন? সেই প্রশ্নের জবাবই যেন দিল ‘আওয়ারাপন ২’-এর বক্স অফিস।
ছবিটির ব্যবসার দৌড়ে ইমরান পেছনে ফেলেছেন সানি দেওলের ‘বায়োটারা ১৯৪৭’-কেও। যেখানে ‘আওয়ারাপন ২’ মাত্র কয়েক দিনেই ১০০ কোটির গ-ি পেরিয়ে গেছে, সেখানে সানি দেওলের ছবিটি এখনো সেই মাইলফলক থেকে বেশ দূরে।
ইমরানের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তার স্ত্রী পরভিনও। স্বামীর সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, এই জায়গায় পৌঁছাতে ইমরানের ২৩ বছর লেগেছে। এই দীর্ঘ সময়ে ছিল ধৈর্য, অধ্যবসায়, আস্থা, আত্মনিবেদন, আশীর্বাদ ও প্রার্থনা। কখনো কোনো শুক্রবার তাকে দিয়েছে দারুণ আনন্দ, আবার কোনো শুক্রবার এসেছে হতাশা আর মন ভাঙার বার্তা নিয়ে। কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি।
ক্যারিয়ারের ২৩ বছর পর ‘আওয়ারাপন ২’ দিয়ে ইমরান হাশমির এই প্রত্যাবর্তন তাই শুধু একটি ছবির সাফল্য নয়, অভিনেতার জন্য নতুন করে নিজেকে প্রমাণ করার গল্পও। আর সেই কারণেই বলিউডে নতুন করে আলোচনায় এসেছে- ‘সিরিয়াল কিসার’ এবার চুমু ছাড়াই দেখালেন তার আসল ম্যাজিক।
সংবাদ শিরোনাম
চুমু ছাড়াই ইমরানের বাজিমাত
-
বিনোদন: - আপডেট সময় ০৮:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 55
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























