কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে দারুণ জয় পেয়েছে চকরিয়া উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে চকরিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিনসহ জেলার ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে সদর উপজেলা দলকে পেছনে ফেলে জয় নিশ্চিত করে চকরিয়া উপজেলা ফুটবল দল। চকরিয়ার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোবারক আলী। তারা চকরিয়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে টুর্নামেন্টে দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। জিকোর সমন্বয়ে শক্তিশালী দল চকরিয়া উপজেলা ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তরুণ ক্রীড়ানুরাগী মামুনুর রশিদ মামুন। তিনি জানান, জাতীয় ফুটবল দলের ‘বাজপাখি’ খ্যাত গোলরক্ষক ও চকরিয়ার কৃতী সন্তান আনিসুর রহমান জিকোর সমন্বয়ে উপজেলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ও খ্যাতনামা ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গঠন করা হয়েছে। মামুনুর রশিদ মামুন বলেন, টুর্নামেন্টে আমাদের আরও কয়েকটি ম্যাচ রয়েছে। প্রতিটি ম্যাচে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। উদ্বোধনী ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। চকরিয়া উপজেলার সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষের সমর্থন, দোয়া ও সহযোগিতা পেলে আমরা আরও ভালো কিছু করতে পারব। উদ্বোধনী ম্যাচের জয়কে আত্মবিশ্বাসের পুঁজি করে পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে চকরিয়া উপজেলা ফুটবল দল। টুর্নামেন্টে ভালো ফলাফলের পাশাপাশি চকরিয়ার ফুটবলে নতুন প্রতিভা তুলে আনার প্রত্যাশাও রয়েছে দলটির।
সংবাদ শিরোনাম
জেলা গোল্ডকাপ টাইব্রেকারে চকরিয়ার উড়ন্ত সূচনা কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
-
অলি উল্লাহ রনি (স্টাফ রিপোর্টার) কক্সবাজার - আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













