খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ১৫০ জন ‘বাঘ বিধবা’ নারীর মাঝে সহায়তা হিসেবে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও কয়রা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাঘ বিধবা নারীদের হাতে এসব ফুড প্যাক তুলে দেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠীর বাঘ বিধবা নারীরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করেন। তাদের এই অপূরণীয় ক্ষতি ও মানবিক কষ্ট লাঘবে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতে তাদের সার্বিক পুনর্বাসনে নানা ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান ও মোঃ মেহেদী হাসান। এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ এবং সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ফুড প্যাক বিতরণের পাশাপাশি জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত কয়রা উপজেলায় আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন: বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ: উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় ৫০টি পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন হস্তান্তর করা হয়। এর আগে তিনি কয়রা থানা, উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক কার্যালয়, মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
সংবাদ শিরোনাম
কয়রায় ১৫০ বাঘ বিধবাকে জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০২:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- 53
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























