ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করে নির্মাণকাজ আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। ২০২৯ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে মহাসড়কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর-শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রকল্পটি আগে নেওয়া হলেও কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি বর্তমানে প্রায় ৫৬ শতাংশ এবং ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ। প্রকল্পে মোট ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির কাজ সন্তোষজনক নয়। বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। তিনি বলেন, ভূমি সংক্রান্ত জটিলতাসহ প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো দূর করে কাজের গতি বাড়ানো হচ্ছে। নির্মাণকাজের কারণে সাময়িক জনদুর্ভোগ হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে মহাসড়কটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ শেষের লক্ষ্য ২০২৯ সালের জুনে-মন্ত্রী শেখ রবিউল আলম এমপি
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০২:৩১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 26
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















