ভোলার লালমোহনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা রাশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দারসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান অভিযান বাস্তবায়নের জন্য লালমোহন উপজেলাকে ভাগ করে ৫ জন ফোকাল পয়েন্ট অফিসার নির্ধারণ করা হয়েছে। এই ৫ জনের নেতৃত্বে পুরো উপজেলায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বাজারসহ যেসব স্থানে ডেঙ্গুবাহিত মশার জন্ম ও উপদ্রব বেশি, সেসব এলাকা নিয়মিত পরিষ্কার ও মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ। এ ছাড়া পৌরসভা, ইউনিয়ন এবং সরকারি-বেসরকারি সকল দপ্তরের উদ্যোগে পরিচ্ছন্নতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে।
সংবাদ শিরোনাম
লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা
-
লালমোহন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 21
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















