নিরাপত্তাজনিত কারণে আগেও স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আবারও স্থগিত করা হয়েছে আয়োজনটি।
আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে কনসার্ট বাতিল হয়নি, নতুন তারিখে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের এ আয়োজনে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের। দীর্ঘদিন পর কাভিশের ঢাকায় ফেরার খবরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। শেষ মুহূর্তে স্থগিতের খবরে সেই অপেক্ষায় ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক বিবৃতিতে আয়োজকরা বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতিতে ২৬ সেপ্টেম্বরের অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে বলেও জানানো হয়। দর্শকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।
এদিকে যারা এরই মধ্যে কনসার্টের টিকিট কিনেছেন, তাদের টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে। ফলে ২৬ সেপ্টেম্বরের আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বহাল রয়েছে।
নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় এখন সংগীতপ্রেমীরা।
সংবাদ শিরোনাম
আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট
-
বিনোদন: - আপডেট সময় ১১:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- 16
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























