সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে এখনো ৮১৭ জনের নিয়োগপত্র দেয়া বাকি রয়েছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র দেয়ার কাজ চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল সোমবার সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। এমনকি কেউ কেউ বাবা-মায়ের কাছে আত্মহত্যার পথ বেছে নেয়ার কথাও বলেছেন। কিন্তু বিষয়টি তখনো চূড়ান্ত ছিল না।’ কিছু কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা কাজ শুরু করেন। চূড়ান্ত সুপারিশের পর নিয়োগপত্র দেয়ার প্রক্রিয়ায় ভেরিফিকেশন ও ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন বিষয় সামনে আসে। পর্যায়ক্রমে প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিচ্ছেন।’
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আজ পর্যন্ত বাকি আছে ৮১৭ জন। পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে। অপপ্রচার দেখে আমি একটি প্রেস রিলিজ দিয়ে দিয়েছিলাম। যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’
সংবাদ শিরোনাম
প্রাথমিকের ৮১৭ সুপারিশপ্রাপ্তের নিয়োগপত্র ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৮:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























