মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলার রায়ে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ৩০ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজারের দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল এ আদেশ দেন। মামলার ওপর ৫ আসামিকে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানীত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়। ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম, তার পুত্র নাহিদুল ইসলাম রনি (পলাতক), আনোয়ার হোসেন (পলাতক) ও মো. সায়মন ইসলাম। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- ইমন মিয়া (পলাতক), আল আমিন, সাকির আহমেদ শাকিল, ফাঁসির আদেশপ্রাপ্ত ১নং আসামী মোঃ নুরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম ও কন্যা রুখসানা আক্তার জেসি। রায় ঘোষণার সময় ফাঁসির আদেশপ্রাপ্ত ১নং আসামী মোঃ নুরুল ইসলাম ও ৪নং আসামী সাইমন ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং ২নং আসামী নাহিদুল ইসলাম রনি ও ৩নং আসামী আনোয়ার হোসেন পলাতক ছিলেন। মামলাটি পরিচালনা করেন প্রসিকিউশন পক্ষে পি.পি. এডভোকেট আব্দুল মতিন চৌধুরী এবং আসামি পক্ষে এডভোকেট ফনিলাল ধর। উল্লেখ্য- রেজাউল করিম নাঈমকে বিগত ৭ নভেম্বর ২০২৩ সালে পূর্ব পরিকল্পিতভাবে তার নিজ বসতবাড়িতে ছুরিকাঘাত এবং লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা চেরাগ মিয়া বাদী হয়ে ১। মো. নুরুল ইসলাম, পিতা- মৃতঃ মো. ইদ্রিস মিয়া, ২। তার পুত্র নাহিদুল ইসলাম রনি, ৩। আনোয়ার হোসেন, পিতা- আব্দুল কাদির, ৪। মোঃ সাইমন ইসলাম, পিতা- আব্দুল আজিজ, ৫। ইমন মিয়া, পিতা- মোঃ ইদন মিয়া, সর্ব সাং- বর্ষিজোড়া, ৭নং চাঁদনীঘাট ইউপি, ৬। আল আমিন, পিতা- সাহিদ মিয়া, সাং- আগনসী, ১০নং নাজিরাবাদ ইউপি, ৭। সাকির আহমেদ শাকিল, পিতা- মোঃ রমিজ মিয়া, ৮। পারভীন বেগম, স্বামী- মোঃ নুরুল ইসলাম ও ৯। রুখসানা আক্তার জেসি, পিতা- মোঃ নুরুল ইসলাম, সর্ব সাং- বর্ষিজোড়া, ৭নং চাঁদনীঘাট ইউপি, সর্বথানা ও জেলা মৌলভীবাজার-কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন {নং-০৮/৩৪০, জি.আর ৩৪০/২৩ (সদর)। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ ৪ আসামির মৃত্যুদ- এবং ৫ আসামির খালাসের রায় ঘোষণার মাধ্যমে আলোচিত এ হত্যামামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো। রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও নিহত নাঈমের পিতা চেরাগ মিয়া বলেন- আমার ছেলে হত্যার ঘটনায় আদালত ৪ আসামিকে মৃত্যুদ- দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রসিকিউশন পক্ষের আইনজীবী মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন- মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফনিলাল ধর মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন- কোনো ধরনের পর্যবেক্ষণ ছাড়াই বিশেষ করে সাক্ষীদের কোনো পর্যবেক্ষণ না করেই তাদের সাক্ষ্য নেয়া হয়েছে। আসামীপক্ষে উচ্চ আদালতে আপীল করা হবে।
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস
-
ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার - আপডেট সময় ০৩:৩১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














