সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করেছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।
এর আগে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।
বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসার পর আলোচনায় ছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ ঘটনার পর বৃহস্পতিবার তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে মিষ্টির সক্রিয় রাজনৈতিক জীবনের শুরু। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আসেন তিনি। একপর্যায়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন।
ছাত্রদল থেকে রাজনীতি
ফেরদৌসী আহমেদ মিষ্টির জন্ম ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি। তার পেশা ব্যবসা। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন তিনি। পরে ওই কলেজের ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন।
স্নাতক ডিগ্রি শেষ করার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকেন মিষ্টি। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। মিরপুরের স্থানীয় রাজনীতিতেও তার সক্রিয়তা ছিল।
মিষ্টির রাজনৈতিক জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় স্থানীয় সরকারে। তিনি ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
মিষ্টির স্বামী সাইদুর রহমান নিউটন ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিউটনের মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন
মিষ্টির ভাই ছিলেন বিএনপির প্রয়াত নেতা ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে তার মৃত্যু হয়। মূলত বড় ভাই পিণ্টুর হাত ধরে ছাত্রদলে মিষ্টির রাজনীতিতে পথচলা শুরু হয় বলে জানা গেছে।
সংরক্ষিত নারী আসনে এমপি
চলতি বছরের এপ্রিলে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মিষ্টিকে মনোনয়ন দেয়। পরে সংরক্ষিত নারী আসন-২৩ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সংসদের দুটি কমিটির সদস্যও ছিলেন মিষ্টি। এটিই ছিল তার প্রথম সংসদীয় মেয়াদ।
রাড্ডা সেন্টারের ঘটনা
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ঘটনার পর মিষ্টির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তবে মিষ্টি গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ২০০৬ সালে ওয়ার্ড কমিশনার থাকা অবস্থায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’র নামে ওই জায়গাটি বরাদ্দ দেওয়ার আবেদন করেছিলেন। এরপর তিনি আর সমিতির সঙ্গে যুক্ত ছিলেন না।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে এত বড় ঘটনার ক্ষেত্রে শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুট হওয়া স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্র্নিমাণের দায়িত্বও সরকারকে নিতে হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছিলেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপরই তার দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
সংবাদ শিরোনাম
সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
-
এইচ এম আসলাম: - আপডেট সময় ০৮:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























