‘ভারতে আর শান্তি পাই না। ইদানীং আমাদের দেশে আমি সেই শান্তিটা আর অনুভব করতে পারছি না। শিবজির কাছে প্রার্থনা করি, সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে।’ শেখর সুমনের শোয়ে এসে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তার বক্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন ‘মুন্নাভাই’খ্যাত এই অভিনেতা।
বিতর্কের সূত্রপাত শেখর সুমনের শোয়ে সঞ্জয় দত্তের কথোপকথন ঘিরে। সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন অভিনেতা। তার সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষের একাংশের ক্ষোভের মুখে পড়ে দ্রুত নিজের অবস্থান পরিষ্কার করেন সঞ্জয়।
গত ৪ অক্টোবর নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে সঞ্জয় দত্ত লেখেন, কাউকে আঘাত করা বা অসম্মান করা কখনোই তার উদ্দেশ্য ছিল না।
অভিনেতার ভাষ্য, ‘আমি স্পষ্ট করে একটি বিষয় জানাতে চাই-কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা কিংবা কাউকে অপমান বা অসম্মান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’
সঞ্জয় আরও জানান, শেখর সুমনের শোয়ে তার বলা কথাগুলো আগে থেকেই স্ক্রিপ্টেড ছিল। দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই হালকা মেজাজে ওই কথোপকথন তৈরি করা হয়েছিল।
এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার মন্তব্যগুলো স্ক্রিপ্টেড ছিল। এমনভাবে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, যাতে দর্শক মজা করে এই শো উপভোগ করতে পারে।’
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় বলেন, ‘মুন্নাভাই’ সিনেমার হাস্যরস ও ব্যঙ্গের আদলেই ওই কথাগুলো বলা হয়েছিল। এর মাধ্যমে ভালোবাসা, আন্তরিকতা, একতা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।
সঞ্জয়ের কথায়, ‘এই মন্তব্যের নেপথ্যে মূল ভাবনা ছিল মুন্নাভাই সিনেমার হাস্যরস ও ব্যঙ্গের অনুরূপ। এটা আসলে গান্ধীগিরির ভাবনা, যার মাধ্যমে ভালোবাসা, আন্তরিকতা, একতা এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরার পরিকল্পনা করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, আমার মন্তব্যগুলোর ভুল ব্যাখ্যা করা হয়েছে।’
তবে বিতর্ক ছড়িয়ে পড়ার পর দ্রুতই নিজের অবস্থান পরিষ্কার করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সঞ্জয়ের বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক বা দেশবিরোধী উদ্দেশ্য ছিল না বলেও তার সাফাইয়ে স্পষ্ট করেন অভিনেতা।
সংবাদ শিরোনাম
‘ভারতে আর শান্তি পাই না’ মন্তব্যে বিতর্ক, এবার মুখ খুললেন সঞ্জয় দত্ত
-
বিনোদন - আপডেট সময় ০৬:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























