ফেসবুক পোস্টে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে। গত ৫ অক্টোবর দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে কর্নেল অলিকে উদ্দেশ্য করে এক কমেন্টে তিনি লেখেন, ‘ওই শালা অলিকে দিতে পারো বলী কে, পারলেই জান্নাতি।’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রকাশ্যে একজন রাজনীতিবিদকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় নেটিজেনদের অনেকে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে জাহাঙ্গীর আলম জাহানের গ্রেফতারের দাবিও উঠেছে। ফেসবুক অ্যাক্টিভিস্ট তাজ ইসলাম জাহাঙ্গীর আলম জাহানকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে কর্নেল অলি আহমদকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিলে দেশ অস্থিতিশীল হতে পারে। জাহাঙ্গীর আলম জাহানকে অতিদ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। জাহাঙ্গীর আলম জাহান ১৯৭৫ সালের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়া এলাকায়। বর্তমানে তিনি জেলা শহরের বত্রিশ বড়বাজার এলাকায় ভূঁইয়া মসজিদের গলিতে ছন্দায়ন উপকূল নামে একটি বাসায় বসবাস করেন। তার ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, এর আগেও তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য রয়েছে। এ ছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেনÑএমন বক্তব্যের পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবেÑএমন বক্তব্যও তিনি বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছেন। এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর আলম জাহানের বাবা জমশেদ আলী ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গাড়ির ড্রাইভার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাঙালি নারীদের ধরে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিতেন বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকা- করতে গিয়ে একপর্যায়ে তিনি মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে নিখোঁজ হন বলে এলাকাবাসীর দাবি। তবে ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় জমশেদ আলী ‘শহীদ মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পান। জাহাঙ্গীর আলম জাহান তৎকালীন আওয়ামী লীগ-সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার বাবার মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও কীভাবে তিনি শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন, তা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার উসকানিমূলক বক্তব্যসংবলিত লিফলেট বিতরণের অভিযোগও রয়েছে জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে। ‘মুজিবাদর্শ গবেষণা পরিষদ’ এর নামে বিতরণ করা ওই লিফলেটে সংগঠনের সভাপতি হিসেবে তার নাম উল্লেখ করা হয়। ওই লিফলেটে বলা হয়, ‘২০২৪ সালের জুলাই মাসে যারা প্রকাশ্যে নিজেদেরকে রাজাকার ঘোষণা দেয়… তাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার এখনই সময়। পাড়া-মহল্লায়, শহরে-বন্দরে, সকল প্রতিষ্ঠানে মুক্তিবাহিনী তৈরি হও, লড়াই করো।’ স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকা-ের পরও জাহাঙ্গীর আলম জাহান প্রকাশ্যে কিশোরগঞ্জ শহরে চলাফেরা করছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক তার বাসায় নিয়মিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া জেলা শহরে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ করেছেন কেউ কেউ। সম্প্রতি কর্নেল অলিকে হত্যার হুমকির ফেসবুক কমেন্ট প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগগুলো তদন্ত করে জাহাঙ্গীর আলম জাহানকে গ্রেফতার করা হোক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এত কিছু করার পরও তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করছেনÑএটা মেনে নেওয়া যায় না। এখন আবার একজন রাজনীতিবিদকে হত্যার হুমকি দিয়েছেন। তাকে আইনের আওতায় আনা উচিত। আমি এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলব।’ তবে এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহানের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ শিরোনাম
ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি
-
ফকির মতি কিশোরগঞ্জ - আপডেট সময় ০১:১৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















