বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে ভারতের গোয়া রাজ্যের পানাজি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, ৭৫ বছর বয়সী এই অভিনেতা গোয়ার ডোনা পাওলার ওশান পার্ক এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ সাব-ইনস্পেক্টর নিতিন নায়েক। তদন্ত এখনো চলছে।
হাসপাতালে মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হওয়ার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। তবে এ ধরনের মামলা দায়ের হওয়া মানেই মৃত্যুর পেছনে অপরাধমূলক কোনো কারণ রয়েছে, এমন নয়। মৃত্যুর প্রকৃত পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করতেই এ ধরনের মামলা করা হয়ে থাকে।
হাসপাতালের চিকিৎসক শেখর সালকর জানান, অভিনেতার বাড়িতে পৌঁছে জরুরি বিভাগের চিকিৎসক দল তাকে সম্পূর্ণ অসাড় অবস্থায় পায়। এরপরই তার হৃদযন্ত্র সচল করার চেষ্টা শুরু করা হয়। বাড়িতেই তাকে সিপিআর দেওয়া হয়। পরে সেই অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান চিকিৎসক।
শেখর সালকর আরও বলেন, নানা পটেকরকে ভোর ৪টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসক দল তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। তবে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নানা পটেকরের মৃত্যুর খবরে বলিউডে শোকের আবহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোক প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।
নরেন্দ্র মোদী তার শোকবার্তায় নানা পটেকরের অভিনয়দক্ষতা, স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তার অবদানের কথা তুলে ধরেন। বিভিন্ন চরিত্রে অভিনেতার বহুমুখী অভিনয় এবং স্পষ্টবাদী অবস্থানের প্রশংসা করে তিনি শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
সংবাদ শিরোনাম
নানা পটেকরের মৃত্যু ঘিরে তদন্ত অব্যাহত, কী বলছে পুলিশ?
-
বিনোদন - আপডেট সময় ০৬:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 13
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























