সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে সারাদিন ব্যস্ত থাকার পরও চিকিৎসক হিসেবে নিজ এলাকার অসহায় ও অসুস্থ মানুষের সেবায় সময় দিচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নিজ গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে ছুটির দিনেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পরও নিজ গ্রামের বাড়িতে রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখা যায় মন্ত্রীকে। মন্ত্রীর এমন উদ্যোগে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী জাহিদ হোসেন নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেন। সরকারি দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও চিকিৎসক হিসেবে নিজের পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করেন তিনি। তাঁর কাছে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের কাছে বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মন্ত্রী মহোদয় এত ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের খোঁজখবর নেন। অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো তাঁর মানবিক মনোভাবের পরিচয় বহন করে। দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, আমরা চাই, তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন। এলাকার মানুষের সুখ-দুঃখে তাঁকে কাছে পাওয়া আমাদের জন্য আনন্দের। একজন রোগীর স্বজন বলেন, কর্মব্যস্ততার পরও রোগীদের সময় দেওয়া প্রশংসনীয় উদ্যোগ। এতে রোগী ও তাঁদের স্বজনেরা উৎসাহিত হন। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার সাধারণ জনগণের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ। আমি একজন চিকিৎসক। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি আমার এলাকার অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার যে অঙ্গীকার বিএনপি সরকারের রয়েছে, সেই লক্ষ্য সামনে রেখেই আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং সাধ্য অনুযায়ী তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ যেন প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পায়, সেটিই আমার প্রত্যাশা। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার মানুষের সঙ্গে মন্ত্রীর এই যোগাযোগ এবং মানবিক সেবার ধারা অব্যাহত থাকবে। এতে অসহায় ও অসুস্থ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সংবাদ শিরোনাম
সারা দিনের কর্মসূচি শেষে নিজ গ্রামে রোগীর সেবায় ব্যস্ত মন্ত্রী জাহিদ হোসেন
-
মোসলেম উদ্দিন দিনাজপুর - আপডেট সময় ১১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























