“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরের জাহান এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মজিবুল হকসহ অন্যান্য অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা গেলে তারা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
মীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান
-
কামরুল ইসলাম (মীরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০১:১৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- 27
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























