সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ জনবল সংকট, অ্যাম্বুলেন্স না থাকা ও দালালদের দৌরাত্ম্যসহ নানা সংকটের কথা জানিয়ে হাসপাতাল পরিচালনায় গণমাধ্যম কর্মীদেরকে সহযোগিতা প্রদানের আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক ডাঃ আশরাফুল ইসলাম সোহাগ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতাল মিলনায়তনে জেলা সদরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সম্মানিত জনপ্রতিনিধিগণ, জেলা সদরে কর্মরত গণমাধ্যম কর্মীসহ বিশিষ্ট জনদের সহযোগিতায় পশ্চাৎপদ সুনামগঞ্জ জেলার মানুষকে চিকিৎসা দেবার সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তিনি বলেন কাগজেপত্রে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠানটির পরিচিতি থাকলেও বাস্তবে ১০০ শয্যার জনবলে পড়ে রয়েছে এটি। গড়ে প্রতিদিন কমপক্ষে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে আমাদেরকে। এই অমানবিক অবস্থার মধ্যেও সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আমরা। হাসপাতালের এসব সমস্যা সমাধানে জেলা সদরের সংসদ সদস্য ছাড়াও জেলার ৫ সংসদ সদস্যের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পাচ্ছেন বলে স্বীকার করেন তত্বাবধায়ক। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আশরাফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম ,ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. জহর লাল দাস শিপলু। হাসপাতালের বর্তমান জনবলসহ সার্বিক কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন মেডিকেল অফিসার নিশাত তাসনীম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসপাতালটিতে অনুমোদিত ৪২১টি পদের মধ্যে বর্তমানে ১৬৬টি পদই শূন্য, যা মোট পদের ৩৯.৪৩ শতাংশ।
চিকিৎসা সেবা ব্যাহত হওয়া ঠেকাতে বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৬৪ জন এবং স্বেচ্ছাসেবক হিসেবে ২৮ জন কর্মরত রয়েছেন। আউটসোর্সিং কর্মীদের চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে নাজুক অবস্থা চিকিৎসকদের ক্ষেত্রে। অনুমোদিত ৭৪টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৫ জন, অর্থাৎ ৬৬.২২ শতাংশ (৪৯টি) পদই খালি পড়ে আছে। ডেন্টাল সার্জনের ২টি পদের মধ্যে ১টি (৫০%) এবং নার্সের ২৬৫টি পদের মধ্যে ৬৯টি (২৬.০৪%) শূন্য রয়েছে। এছাড়া মেডিকেল টেকনোলজিস্টের ১৪টি পদের মধ্যে ৩টি, তৃতীয় শ্রেণির ৪১টি পদের মধ্যে ২৪টি এবং চতুর্থ শ্রেণির ২৫টি পদের মধ্যে ২০টি (৮০%) পদ ফাঁকা রয়েছে। রেডিওগ্রাফার পদে ২টি অনুমোদিত পদের বিপরীতে ১টি, ব্লাড ব্যাংকে ২টি পদের বিপরীতে ১টি, হেমাটোলজিতে ১টি পদের বিপরীতে ১টি এবং ফার্মাসিস্টের ৪টি পদের মধ্যে ১টি পদ শূন্য রয়েছে। সম্প্রতি বিভিন্ন নতুন বিভাগে ১৩ জন টেকনিশিয়ানকে পদায়ন করা হলেও এ প্রতিষ্ঠানের একজন মেডিকেল টেকনোলজিস্ট ও একজন ফার্মাসিস্ট প্রাক্কলনিক বা অন্য প্রতিষ্ঠানে সংযুক্তিতে কর্মরত আছেন। যন্ত্রপাতি ও চিকিৎসা সেবার ক্ষেত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের এক্স-রে মেশিন, আইসিইউ সেবা, লাইনের অক্সিজেন এবং প্যাথলজিক্যাল (রক্ত সঞ্চালন) সেবা চালু রয়েছে। জরুরি প্রয়োজনের জন্য ৮০টি অক্সিজেন সিলিন্ডার, ৩০টি নেবুলাইজার ও ৫টি ইসিজি মেশিন রয়েছে। তবে ডায়ালাইসিস সেবায় দেখা গেছে ঘাটতি; হাসপাতালে মোট ৫টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ২টি অচল এবং ৩টি সচল রয়েছে। বর্তমানে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিটের অবকাঠামো প্রস্তত থাকলেও প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি ও মেশিনের অভাব রয়েছে। পাশাপাশি হাসপাতালের অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।ভবিষ্যৎ উন্নয়ন ও চিকিৎসাসেবা সম্প্রসারণে বেশকিছু পরিকল্পনা ও প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডাঃ আশরাফ আলী সোহাগ বলেন, আমরা ডায়ালাইসিস ইউনিটকে ৫ শয্যা থেকে ১০ শয্যায় উন্নীতকরণ, হাসপাতাল চত্বরে মাল্টিপারপাস ভবন নির্মাণ, প্যাথলজিক্যাল রক্ত পরীক্ষার পরিধি বাড়ানো এবং আইআরপিপি প্রকল্পের মাধ্যমে আইপিসির আওতায় বর্জ্য প্ল্যান্ট নির্মাণ। এছাড়া বহুতল ভবনে রোগীদের চলাচলের সুবিধার্থে র?্যাম্প সিঁড়ি স্থাপনের জন্য গণপূর্ত বিভাগকে উদ্যোগ নিতে বলা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি হাসপাতালে কর্মরত কর্মীদের নিরাপত্তাব্যবস্থা জোরদারে আনসার মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডাঃ আলী আশরাফ সোহাগ বলেন, ইতিমধ্যে আমরা সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের সাথে মতবিনিময় করেছি, তিনি সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের অনেক সমস্যায় জর্জরিত আপনারা গণমাধ্যমকর্মীরা যদি গণমাধ্যমে হাসপাতালের সমস্যা তুলে ধরেন ইতিবাচক ফল আসবে। হাসপাতাল সেবার মান উন্নত হবে। সভায় জেলার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত থেকে হাসপাতাল পরিচালনায় নিজেদের মতামত ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৩:০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















