হলিউডের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পে নিজেদের জনপ্রিয়তা ও প্রভাব দিয়ে জায়গা করে নিয়েছেন অনেক তারকা। সেই তারকাদের নিয়ে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়ার্তা ইকোনোমি প্রকাশ করেছে একটি তালিকা।
সুখবর হলো, সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উঠে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম।
বিশ্বের ৫০ দেশের তারকাদের নিয়ে তৈরি এই তালিকায় ২৫তম স্থানে রয়েছেন তিনি। একই তালিকায় আছেন শাহরুখ খান, জ্যাকি চ্যান, টম হ্যাঙ্কস ও কিয়ানু রিভসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেতারাও।
অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ওয়ার্তা ইকোনোমিতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বের ৫০ দেশের পরিচিত ও প্রভাবশালী চলচ্চিত্র তারকাদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পের জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাকিব খান।
তালিকায় শাকিবের অবস্থান ঢালিউডের এই তারকার আন্তর্জাতিক পরিচিতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে শাহরুখ খান, জ্যাকি চ্যান কিংবা কিয়ানু রিভসের মতো তারকাদের সঙ্গে একই তালিকায় তার নাম থাকা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য উল্লেখযোগ্য।
তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের টম হ্যাঙ্কস, ভারতের শাহরুখ খান, হংকংয়ের ব্রুস লি, চীনের জ্যাকি চ্যান, পাকিস্তানের ফাওয়াদ খান ও তুরস্কের বুরাক ওজচিভিত। এ ছাড়া স্পেন, জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের তারকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাকিব খান। বাণিজ্যিকভাবে সফল একাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রশিল্পে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। তার অভিনীত সিনেমা ঘিরে দর্শকের আগ্রহ এবং ঈদসহ বিভিন্ন উৎসবে মুক্তি পাওয়া ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য তাকে ঢালিউডের অন্যতম প্রধান তারকায় পরিণত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে শাকিবের অভিনীত সিনেমা দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার দর্শক বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে।
সংবাদ শিরোনাম
শাহরুখসহ ৫০ দেশের তারকাদের তালিকায় ২৫তম শাকিব খান
-
বিনোদন - আপডেট সময় ০৭:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























