নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের ১৮২ ফুট দীর্ঘ কাঠের সেতুটি সংস্কার করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা সেতুটি সোমবার সকালে উদ্বোধন করে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২টি গ্রামের হাজারো মানুষ চলাচলের জন্য সেতুটির ওপর নির্ভরশীল। পাঁচকাঠা বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও চারটি মাদ্রাসায় যাতায়াতের অন্যতম ভরসা এটি। দীর্ঘদিন সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় দুর্ভোগে পড়েছিলেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে গত বছর প্রথমবার সেতুটি নির্মাণ করে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবারও তাঁর ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সংস্কার করা হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আজকের এই সেতুটি ছাত্র-ছাত্রীরাই উদ্বোধন করেছে, এটাই সবচেয়ে আনন্দের। এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত পাকা সেতু নির্মাণ না হচ্ছে, ততদিন প্রতি বছর এভাবেই কাঠের সেতুটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।’ স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী কাঠের সেতুর পরিবর্তে সেখানে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে। এতে ১২ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে।
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা
-
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি - আপডেট সময় ০১:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 13
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























