কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস নির্গমন হয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্গত গ্যাসের আগুন আরও অন্তত সাত দিন জ্বলতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ইনানী ছোট ব্রিজসংলগ্ন ঘটনাস্থল পরিদর্শন শেষে বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে আগুনের উৎপত্তিস্থলের চারপাশের ২০০ মিটারের মধ্যে থাকা মানুষ ও ঘরবাড়ি দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বাপেক্স বিশেষজ্ঞরা জানান, এই মুহূর্তে আগুন জোরপূর্বক নেভানোর চেষ্টা করা হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। ভূগর্ভের চাপ সৃষ্টি হয়ে অন্য কোনো স্থান দিয়ে গ্যাস বের হয়ে সেখানেও আগুন জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। এই কারণে আপাতত আগুনটি এভাবেই জ্বলতে দিয়ে আরও এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় গ্যাসের নির্গমন ও আগুনের তীব্রতা পর্যবেক্ষণ করা হবে। ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম বলেন, আগের অভিজ্ঞতা এবং আগুনের শিখার তীব্রতা দেখে এখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এটি নিশ্চিত হতে আমাদের টেকনিশিয়ানরা ঘটনাস্থল থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করছেন। এই নমুনাগুলো ঢাকার পরীক্ষাগারে পরীক্ষার পরই নিশ্চিতভাবে বলা যাবে। তিনি আরও যোগ করেন, উৎসুক জনতা কিংবা অননুমোদিত ব্যক্তি যাতে এই ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করতে না পারেন, সেজন্য পুরো এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে নিরাপদ করতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকার আব্দুল্লাহর বাড়িতে গত তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খননের একপর্যায়ে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচ- বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু ভূগর্ভ থেকে অবিরাম গ্যাস নির্গত হতে থাকায় পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি। পরবর্তীতে দুপুরের দিকে সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। তবে গ্যাসের অনবরত চাপের কারণে তারাও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার সংবাদমাধ্যমকে বলেন, জননিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে কাজ করছে। বাপেক্সের প্রতিনিধি দল তাদের কারিগরি কার্যক্রম শুরু করেছে। তারা যাতে নির্বিঘেœ কাজ করতে পারেন, সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
সংবাদ শিরোনাম
উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের
-
মনির আহমদ কক্সবাজার : - আপডেট সময় ০৮:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















