তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ডিসকর্ড সম্প্রতি একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছে। ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি পরিচয়পত্র ও মুখের ছবি দিতে না চাইলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছিল। এবার কমিউনিটির পরিসর বাড়ানোর লক্ষ্যে ব্যবহারকারীদের কিছু বার্তা আগের চেয়ে আরও বেশি মানুষের কাছে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি ডিসকর্ড জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ‘ডিসকভারেবল সার্ভারস’ সুবিধার আওতায় ‘সার্ভার ওয়েব পেজেস’ যুক্ত হবে। এসব পেজে সার্ভারের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ থাকবে। গুগলসহ অপেরা ব্রাউজারের মতো বিকল্প ব্রাউজার ব্যবহার করেও যে কেউ এসব পেজ খুঁজে পেতে পারবেন।তবে এই পরিবর্তন শুধু সবচেয়ে উন্মুক্ত ডিসকর্ড সার্ভারগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা। এসব সার্ভারের সদস্যসংখ্যা এক হাজারের বেশি হতে হবে, বয়স হতে হবে অন্তত আট সপ্তাহ এবং সেগুলোকে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন মানদ- পূরণ করতে হবে। কেউ পছন্দের সার্ভারটি খুঁজে পেলে সহজেই সেখানে যোগ দিতে পারবেন এবং অন্যদের সঙ্গে হওয়া আলোচনা পড়তে পারবেন। সেই আলোচনায় আপনার লেখা বার্তাও থাকতে পারে।ধরা যাক, আপনি নতুন কোনো ভিডিও গেম নিয়ে তৈরি একটি প্রকাশ্য (পাবলিক) সার্ভারের সক্রিয় সদস্য। ১৬ নভেম্বরের পর সেখানে পাঠানো আপনার বার্তাগুলো সার্ভার ওয়েব পেজে দেখা যেতে পারে। তবে শুরুতে সার্ভারে ব্যবহৃত আপনার ব্যবহারকারীর নাম ও প্রোফাইল ছবি অন্যদের কাছে প্রকাশ করা হবে না।নতুন গেমটির বিভিন্ন কঠিন ধাপ পার হওয়ার কৌশল, চরিত্র তৈরির পরামর্শ কিংবা ধাঁধা সমাধানের নির্দেশনা নিয়ে আপনার লেখা এসব পেজে থাকতে পারে। তবে সার্ভারের অন্য সদস্যদের সঙ্গে আপনার তর্ক-বিতর্কও সেখানে উঠে আসতে পারে। তাই প্রকাশ্য সার্ভারে কী লিখছেন, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকবেসার্ভার ওয়েব পেজে শুধু ডিসকভারেবল সার্ভারগুলোর সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করা হবে। তাই ব্যক্তিগত সার্ভার নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে গুগল সার্চের এই সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া ডিসকর্ডে নিজের গোপনীয়তা রক্ষায় কিছু সেটিংস পরিবর্তনের সুযোগও রয়েছে।কিন্তু আপনি যদি না চান যে প্রকাশ্য সার্ভারে পাঠানো আপনার বার্তাগুলো গুগলের সার্চের মাধ্যমে সামনে আসুক, তাহলে কী করবেন? এক্ষেত্রে কিছু সুরক্ষাব্যবস্থা রয়েছে। তবে সেগুলোর কার্যকারিতা সীমিত।কারিগরিভাবে, আপনি যদি শুধু ডিসকভারেবল সার্ভারের একজন সদস্য হন, তাহলে সার্ভার ওয়েব পেজের বিষয়ে আপনার করণীয় খুব বেশি নেই। সার্ভারের অ্যাডমিনরা নিয়ন্ত্রণ করতে পারবেন, কোন বার্তা ও চ্যানেলের তথ্য গুগলের সার্চে প্রকাশিত সংক্ষিপ্ত বিবরণে থাকবে। চাইলে তারা নিজেদের সার্ভারকে সার্চের ফলাফল থেকে বাদও দিতে পারবেন।আপনি চাইলে সার্ভারের সংক্ষিপ্ত বিবরণে নিজের বার্তা দেখানো বন্ধ করতে পারেন। এজন্য ডিসকর্ডের ‘ইউজার সেটিংস’ পেজের ‘ডাটা অ্যান্ড প্রাইভেসি’ বিভাগে সংশ্লিষ্ট অপশনটি রয়েছে। তবে এই সেটিংস পরিবর্তন করলেও অন্য কেউ গুগল সার্চের মাধ্যমে সার্ভারে প্রবেশ করলে আপনার বার্তা দেখতে পারেন।আপনি কোথায় থাকেন, তার ওপরও নির্ভর করছে আপনার ডিসকর্ডের সাম্প্রতিক বার্তা গুগলে দেখা যাবে কি না। এখন পর্যন্ত আলোচিত নিয়মগুলো মূলত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা নিজেদের বয়স ১৮ বছরের কম হিসেবে নির্ধারণ করেছেন, তাদের বার্তা এবং কিশোর-কিশোরীদের জন্য তৈরি গ্রুপগুলো সার্ভার ওয়েব পেজে প্রকাশ করা যাবে না।তবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী ব্যবহারকারীদের পাঠানো বার্তা গুগলের সার্চে প্রকাশিত সংক্ষিপ্ত বিবরণ থেকে বাদ থাকবে-যতক্ষণ না তারা নিজেরাই সেটিংস পরিবর্তন করে এই সুবিধা চালু করেন।সূত্র: বিজিআর
সংবাদ শিরোনাম
ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























