তোয়ালে থেকে দুর্গন্ধ বের হলে বা ব্যবহারে খসখসে মনে হলে অনেকেই ভাবেন, একবার ধুয়ে নিলেই সমস্যার সমাধান হবে। কিন্তু ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফটনার, পানির খনিজ পদার্থ ও শরীরের তেলের অবশিষ্টাংশ তোয়ালের আঁশে জমে দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত ধোয়ার পরও এসব সমস্যা থেকে যেতে পারে। এ কারণে তোয়ালে নরম, তুলতুলে ও দুর্গন্ধমুক্ত রাখতে বিশেষজ্ঞরা ভিনেগারের মতো বিকল্প উপাদান ব্যবহারের পরামর্শ দেন।
কিন্তু ভিনেগার দিয়ে কত দিন পরপর তোয়ালে ধোয়া উচিত এবং কীভাবে ধুতে হবে?
ভিনেগার দিয়ে কত দিন পরপর তোয়ালে ধোয়া উচিত?
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে এক থেকে দুইবার বা দুই থেকে তিনবার ব্যবহারের পর তোয়ালে ধুয়ে নেওয়া ভালো। তবে ভিনেগার ব্যবহারের প্রয়োজন নির্ভর করে তোয়ালের অবস্থার ওপর।
হেরিটেজ পার্ক লন্ড্রি এসেনশিয়ালসের প্রেসিডেন্ট টম সিকোনি বলেন, প্রতিবার তোয়ালে ধোয়ার সময় ভিনেগার ব্যবহারের প্রয়োজন নেই। বরং তোয়ালের সতেজতা ফেরাতে এটি বিশেষ পরিচর্যা হিসেবে ব্যবহার করা যায়।
সময় গড়ানোর সঙ্গে তোয়ালের আঁশে ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফটনার, শরীরের তেল ও পানির খনিজ জমে। এতে তোয়ালে দুর্গন্ধযুক্ত ও খসখসে হয়ে যায় এবং পানি শোষণের ক্ষমতা কমে। ভিনেগারের অম্লীয় উপাদান এসব জমে থাকা পদার্থ দূর করতে সাহায্য করে।
ভিনেগার দিয়ে তোয়ালে ধোয়া কেন প্রয়োজন?
তোয়ালে থেকে দুর্গন্ধ বা খসখসে ভাবের কারণ সাধারণত ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফটনার ও শক্ত পানির খনিজ জমে থাকা। তবে ভেজা তোয়ালে দ্রুত না শুকালেও দুর্গন্ধ তৈরি হয়।
পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ ক্লাইড বলেন, তোয়ালে যথেষ্ট দ্রুত না শুকালে স্যাঁতসেঁতে গন্ধ হয়। টম সিকোনির মতে, ভেজা তোয়ালে ব্যাকটেরিয়া জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে।
ভেজা তোয়ালে লন্ড্রির ঝুড়ি বা ওয়াশিং মেশিনে ফেলে রাখলে কিংবা ঘরে আর্দ্রতা বেশি থাকলে ছত্রাক জন্মানোর ঝুঁকি বাড়ে। এ ক্ষেত্রে ভিনেগার জমে থাকা পদার্থ ও দুর্গন্ধ দূর করে তোয়ালে নরম ও সতেজ রাখতে সাহায্য করে।
ভিনেগার দিয়ে যেভাবে তোয়ালে ধুবেন
তোয়ালে থেকে স্যাঁতসেঁতে গন্ধ বের হলে বা খসখসে হয়ে গেলে সাদা পাতিত ভিনেগার দিয়ে ধুতে পারেন। সিকোনির পরামর্শ অনুযায়ী, ধোয়ার পদ্ধতি হলো-
প্রথমবার ভিনেগার দিয়ে ধুতে হবে: ওয়াশিং মেশিনে তোয়ালের সঙ্গে এক কাপ সাদা পাতিত ভিনেগার দিন। ডিটারজেন্ট দেবেন না। কুসুম গরম বা গরম পানি ব্যবহার করুন। মেশিনের ধারণক্ষমতার দুই-তৃতীয়াংশের বেশি তোয়ালে দেবেন না।
দ্বিতীয়বার বেকিং সোডা দিয়ে ধুতে হবে: প্রথমবার ধোয়া শেষ হলে আধা কাপ বেকিং সোডা দিয়ে আবার তোয়ালে ধুয়ে নিন। এবারও কুসুম গরম বা গরম পানি ব্যবহার করুন।
ভালোভাবে শুকাতে হবে: ধোয়ার পর তোয়ালে স্বাভাবিক নিয়মে শুকিয়ে নিন। পুরোপুরি শুকানো জরুরি, যাতে আবার স্যাঁতসেঁতে গন্ধ না হয়।
প্রয়োজনে আবার ধুতে হবে: তোয়ালে বেশি খসখসে বা দুর্গন্ধযুক্ত হলে জমে থাকা পদার্থ দূর করতে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করতে হতে পারে।
ভিনেগার দিয়ে তোয়ালে ধোয়ার ক্ষেত্রে আরও কিছু পরামর্শ
ভেজা তোয়ালে ওয়াশিং মেশিন, কাপড়ের ঝুড়ি বা জিমের ব্যাগে ফেলে রাখবেন না। এমন জায়গায় রাখুন, যেখানে সহজে শুকাতে পারে।
ব্যবহারের পর তোয়ালে ১০ মিনিট ড্রায়ারে দিতে পারেন। এতে পরবর্তীবার ধোয়ার আগপর্যন্ত সতেজ থাকবে।
তোয়ালে ধোয়ার সময় অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না। এতে ডিটারজেন্টের অবশিষ্টাংশ জমতে পারে।
ওয়াশিং মেশিনে একসঙ্গে বেশি তোয়ালে দেবেন না। এতে তোয়ালে ঠিকমতো পরিষ্কার ও শুকানো কঠিন হয়।
পাউডার ডিটারজেন্টের বদলে তরল ডিটারজেন্ট ব্যবহার করুন। এটি পানিতে সহজে মিশে যায় এবং ধোয়ার পর সহজে বের হয়ে আসে।
সূত্র: দ্য স্প্রুস
সংবাদ শিরোনাম
তোয়ালে নরম ও দুর্গন্ধমুক্ত রাখতে ভিনেগার ব্যবহারের নিয়ম
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০২:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























