সকালে কাঁধে কালো ব্যাগ, হাতে কলম আর নোটপ্যাড নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কখনো শহরের অলিগলি, কখনো গ্রামের মেঠোপথ, আবার কখনো হাটবাজার কিংবা সরকারি-বেসরকারি দপ্তরে ছুটে চলেন সংবাদের খোঁজে। রোদ-বৃষ্টি, শীত-গরম কিংবা বয়সের ভার, কোনো কিছুই থামাতে পারেনি তাঁর পথচলা। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতা জীবনে সংবাদ সংগ্রহের জন্য জোটেনি একটি সাইকেল কিংবা মোটরসাইকেলও। তাই আজও পায়ে হেঁটেই ছুটতে হয় তাঁকে। সংসারে নেই নিজস্ব বাড়ি, নেই আর্থিক সচ্ছলতা। অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রী এবং স্কুলপড়ুয়া মেয়ের ভরণপোষণের দায়িত্বও তাঁর কাঁধে। অভাব-অনটনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও সাংবাদিকতাকে ছাড়তে পারেননি ৬০ বছর বয়সী প্রবীণ সংবাদকর্মী আজহার ইমাম। তিনি দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার স্কুলপাড়ার বাসিন্দা। ১৯৯৬ সালে সাপ্তাহিক ‘হিলিবার্তা’ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। সেখানে প্রায় ১০ বছর কাজ করার পর যুক্ত হন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘আজ ও আগামীকাল’ পত্রিকায়। এরপর দৈনিক ‘দুর্জয় বাংলা’, ঢাকার দৈনিক ‘আমাদের অর্থনীতি’, ‘আমাদের সময়’ এবং সর্বশেষ দৈনিক ‘কালবেলা’য় সাংবাদিকতা করেছেন। দীর্ঘ পথচলায় বিভিন্ন পত্রিকায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করলেও আর্থিক সচ্ছলতা আসেনি তাঁর জীবনে। সংবাদ সংগ্রহে আজহার ইমামের সবচেয়ে বড় অবলম্বন নিজের দুই পা। অনেক সময় কয়েক কিলোমিটার পথ হেঁটে সংবাদ সংগ্রহ করতে হয় তাঁকে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা শীত উপেক্ষা করে ছুটে বেড়ান শহর থেকে গ্রামে। অনেক সাংবাদিকের কাছে মোটরসাইকেল কিংবা সাইকেল যেখানে সংবাদ সংগ্রহের গুরুত্বপূর্ণ বাহন, সেখানে কালো ব্যাগ, কলম ও নোটপ্যাডই তাঁর দীর্ঘদিনের সঙ্গী। দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার স্কুলপাড়ায় জন্ম ও বেড়ে ওঠা আজহার ইমামের। তাঁর বাবা প্রয়াত জফিরুল হাসান ফারুকী ছিলেন মসজিদের ইমাম। পাশাপাশি শিক্ষার্থীদের আরবি পড়াতেন। মা প্রয়াত ফজিলাতুন নেছা ছিলেন গৃহিণী। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৮২ সালে মাধ্যমিক পাস করেন আজহার ইমাম। পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষে জীবিকার স্থায়ী কোনো অবলম্বন গড়ে তুলতে না পারলেও সাংবাদিকতাকেই জীবনের পেশা হিসেবে বেছে নেন। একসময় স্কুলপাড়া এলাকায় তাঁদের ২৩ শতক বসতভিটা ছিল। পারিবারিক সম্পত্তি ভাগ-বণ্টনের পর নিজের ভাগে পাওয়া জমিটুকুও ধরে রাখতে পারেননি তিনি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সেই জমি বিক্রি করতে হয়। এরপর থেকেই ভাড়া বাড়িতে বসবাস করছে তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা, সম্ভাবনা ও নানা অনিয়মের খবর তুলে ধরলেও নিজের পরিবারের জন্য স্থায়ী আবাস গড়ে তুলতে পারেননি এই সংবাদকর্মী। সংসার জীবনেও প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে। স্ত্রী লাবনী খাতুন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ। একমাত্র মেয়ে আয়েশা লাবিবা তুবা স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। স্ত্রী-সন্তানের ভরণপোষণ, চিকিৎসা ও মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাঁকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। তবুও সাংবাদিকতার টানে প্রতিদিনই ঘর থেকে বের হন তিনি। নিজের দীর্ঘ সাংবাদিকতা জীবনের কথা বলতে গিয়ে আজহার ইমাম বলেন, ১৯৯৬ সালে সাপ্তাহিক হিলিবার্তা দিয়ে আমার সাংবাদিকতা শুরু। এরপর একে একে বিভিন্ন পত্রিকায় কাজ করেছি। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কোনো দিন মোটরসাইকেল বা সাইকেল কিনতে পারিনি। তাই পায়ে হেঁটেই সংবাদ সংগ্রহ করেছি। এখনো প্রতিদিন সকালে ব্যাগ, কলম ও প্যাড নিয়ে বের হই। শহর-গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করি। সাংবাদিকতাই আমার জীবনের সঙ্গে মিশে গেছে। তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে গিয়ে অনেক কষ্ট করেছি। কিন্তু জীবনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নিইনি। একসময় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আমাকে বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। এখন নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমার মতো একজন অসহায় সাংবাদিকের পাশে কেউ দাঁড়াবেন কি না, জানি না। আজহার ইমামের জীবন মফস্বল সাংবাদিকতার এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। যাঁরা প্রতিদিন মানুষের সুখ-দুঃখ, সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার খবর তুলে ধরেন, তাঁদের অনেকের জীবনেই থেকে যায় অসংখ্য অপ্রাপ্তি। দীর্ঘ ২৮ বছর ধরে অন্যের খবরের পেছনে ছুটে চলা এই প্রবীণ সাংবাদিকের নিজের জীবনেই রয়ে গেছে নানা অপূর্ণতা। নেই স্থায়ী আবাস, নেই সংবাদ সংগ্রহের বাহন, নেই নিশ্চিত আর্থিক নিরাপত্তা। তবুও থেমে নেই তাঁর পথচলা। কাঁধে সেই কালো ব্যাগ, হাতে কলম ও নোটপ্যাড নিয়ে প্রতিদিনই বেরিয়ে পড়েন তিনি। কারণ, সাংবাদিকতা এখন আর শুধু তাঁর পেশা নয়, এটি তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
সংবাদ শিরোনাম
২৮ বছর ধরে পায়ে হেঁটে সাংবাদিকতা, তবুও মেলেনি ভাগ্যের চাকা
-
দিনাজপুর প্রতিনিধি - আপডেট সময় ১১:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- 11
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















