গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসেও কৃষকদের হাতে পৌঁছেনি সরকারি প্রণোদনার বীজ ও সার। কবে নাগাদ এসব উপকরণ বিতরণ করা হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না উপজেলা কৃষি অফিস। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলায় ৩৭৫ হেক্টর জমিতে রবি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চলতি ২০২৬ মৌসুমে সারাদেশে সাত ধরনের রবি ফসলের বীজ বিতরণের পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জের জন্য খেসারি ও মসুরÑএই দুই ধরনের বীজ দেওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তবে কবে নাগাদ এসব বীজ বিতরণ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। গত ২০২৫ সালের ২১ অক্টোবরের মধ্যে টুঙ্গিপাড়া কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের মাঝে খেসারি, মসুর, সরিষা, সয়াবিন, মুগ, চিনাবাদাম, পেঁয়াজ ও গমের বীজ বিতরণ করা হয়েছিল। একইভাবে গত মৌসুমে নভেম্বরের শুরুতেই কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়। কিন্তু চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত প্রণোদনা বিতরণের কোনো মঞ্জুরি আদেশ না হওয়ায় এবার কৃষকরা সরকারি সহায়তা পাবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে টুঙ্গিপাড়ার বোরো মৌসুমকে কেন্দ্র করে মৌসুমে আবাদ হওয়ার কথা রয়েছে প্রায় ৭ হাজার ৯২৫ হেক্টর জমিতে। এ অঞ্চলের অনেক কৃষক সরকারি প্রণোদনার বীজ ও সারের ওপর নির্ভর করে চাষাবাদ করে থাকেন। সময়মতো বীজ ও সার না পাওয়ায় এবার জমিতে ফসল আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। উপজেলার কৃষক বাঁকা শেখ বলেন, প্রতি বছর তিনি প্রায় পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করেন। কৃষি অফিস এবং ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রদর্শনীর মাধ্যমে বীজ ও সার পেতেন। এসব সহায়তা পেয়ে স্বল্প খরচে জমি চাষাবাদ করতে পারতেন। কিন্তু এ বছর এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাননি। তিনি বলেন, ‘আমরা গরিব ও অসহায় কৃষক। সরকারি সহায়তা পেলে জমি চাষাবাদ করতে সুবিধা হয়। এবার সেই সহায়তা পাব কিনা বুঝতে পারছি না।’ উপজেলার গিমাডাঙ্গা গ্রামের কৃষক রুবেল শেখ বলেন, প্রতি বছর বোরো মৌসুমে তারা জমিতে ধান আবাদ করেন। এ সময় সরকারিভাবে বীজ ও সার সহায়তা পেয়ে থাকেন। কিন্তু চলতি মৌসুমে বীজতলা তৈরির সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত কোনো বীজ কিংবা সার পাননি। বাজার থেকে বীজ ও সার কিনে চাষাবাদ করার মতো আর্থিক সামর্থ্যও তাদের নেই। ফলে কীভাবে জমিতে আবাদ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। গোপালপুর এলাকার কৃষক অনিমেষ বলেন, বিল অঞ্চলের মানুষ মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর কৃষি অফিস থেকে কিছু প্রণোদনার বীজ ও সার পেতেন। কিন্তু এবার বীজ ও সার কেনার সামর্থ্য না থাকায় জমি চাষাবাদ করতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডুমুরিয়া ইউনিয়নের কৃষক দেবাশিষ ম-ল বলেন, তাদের এলাকায় চার থেকে পাঁচ বিঘা বিলের জমিতে চাষাবাদ করেন। প্রতি বছর কৃষি অফিস থেকে বীজ ও সার দেওয়া হতো। এবার বীজতলা তৈরির সময় চলে এলেও এখন পর্যন্ত কোনো বীজ বা সার পাননি। এতে সময়মতো আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ প্রশান্ত হাওলাদার বলেন, চলতি মৌসুমে গোপালগঞ্জের জন্য খেসারি ও মসুরÑএই দুই ধরনের বীজ দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত ধানবীজ ও সারের প্রণোদনা বিতরণের মঞ্জুরি আদেশ পাওয়া যায়নি। কবে নাগাদ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কৃষকদের দাবি, দ্রুত সরকারি প্রণোদনার বীজ ও সার বরাদ্দ দিয়ে বিতরণের ব্যবস্থা করা হোক। অন্যথায় আর্থিক সংকটের কারণে অনেক প্রান্তিক কৃষক সময়মতো রবি ফসল ও বোরো আবাদ করতে পারবেন না। এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, অন্যদিকে ব্যাহত হতে পারে এলাকার সামগ্রিক কৃষি উৎপাদন।
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় প্রণোদনা বীজ-সার পাননি কৃষক, বোরো আবাদের মৌসুম ঘনিয়ে এলেও নেই নিশ্চয়তা
-
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ১২:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















