রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সহসভাপতি হারুনুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গতকাল মঙ্গলবার বাদ জোহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সংগঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হারুনুর রশীদ। বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।
ক্রীড়া সংগঠক হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সেরা সংগঠক সম্মাননায় ভূষিত হন তিনি।
তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন হারালো একজন নিবেদিতপ্রাণ, দূরদর্শী ও অভিজ্ঞ সংগঠককে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক শোকবার্তায় সংগঠন দুটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সংবাদ শিরোনাম
বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























